ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে সোমবার ঘটনাবহুল খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারি তৈয়ব হাসান বাবু শেখ জামালের বিপক্ষে একটি পেনাল্টি দিয়েও পরে তা বাতিল করে ফ্রি কিকের নির্দেশ দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। ফলে খেলা বন্ধ থাকে ১৫ মিনিট।
খেলার ৭০ মিনিটে শেখ রাসেলের আক্রমণভাগের ঘানার খেলোয়াড় মরো মোহাম্মদের তুলে দেয়া একটি বল শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় আরিফুল ইসলামের হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পরে সহকারী রেফারি মাহবুবুর রহমানের পরামর্শে রেফারি পেনাল্টির সিন্ধান্ত বাতিল করেন।
মাঠের উত্তেজনা পরে মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। খেলা শেষে শেখ রাসেলের সমর্থকরা রেফারিকে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
এক পর্যায়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী রেফারিদের ড্রেসিং রুমে গিয়ে তৈয়বের কাছে জানতে চান, কেন তিনি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেছেন? রেফারি এর জবাবে বলেন, "আমাদের ভুল-ত্র"টি হতেই পারে। তাবে ফিফার আইন-কানুনে বলা হচ্ছে, পরের খেলার আগ পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। তাই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।"
এ সময় নুরুল আলম বলেন, "আপনাদের দুর্বল খেলা পরিচালনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোটি টাকার দল গড়ে তাহলে কী লাভ হল। আপনাদের বাজে সিদ্ধান্তের কারণে আমরা শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছি। এর দায় কে নেবে?"
এর আগে খেলার ৩৩ মিনিটে ইমানুয়েল আইয়ুখ শেখ জামালের পক্ষে একমাত্র গোলটি করেন। নাসিমুল ইসলাম নাসির আড়াআড়িভাবে বল ফেলেন শেখ রাসেলের বক্সে। মাথা দিয়ে আইয়ুখ বল পঠিয়ে দেন জালে।
এর আগে ও পরে শেখ রাসেলও কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়রা তা কাজে লাগাতে পারেননি। বিশেষ করে, খেলার শুরুতে তারা নিশ্চিত দু'টি সুযোগ হাতছাড়া করেন। প্রথমবার আক্রমণভাগের ঘানার খেলোয়াড় আব্বাস ইউনুসা এবং দ্বিতীয়বার আক্রমণভারে নাইজেরিয়ার খেলোয়াড় ইফিয়ং ডিয়ুখ। দু'জনেরই শট ঠেকিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক আমিনুল হক।
এই খেলায় জিতে ১৯ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করলো শেখ জামাল। সমান খেলায় শেখ রাসেলের পয়েন্ট ৩৮। এই হারের ফলে শিরোপার লাড়াই থেকে বলতে গেলে ছিটকে পড়ল শেখ রাসেল। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪২ ঘ.
bdnews24