২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ন বোর্গের পাশে নাদাল

রজার ফেদেরারকে হারিয়ে ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতলেন ক্লে কোর্টের অবিসংবাদিত 'সম্রাট' রাফায়েল নাদাল। এই জয় তাকে বসিয়েছে কিংবদন্তী বিয়ন বোর্গের পাশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 05:49 PM

Updated : 25 Apr 2022, 11:19 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রজার ফেদেরারকে হারিয়ে ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতলেন ক্লে কোর্টের অবিসংবাদিত 'সম্রাট' রাফায়েল নাদাল। এই জয় তাকে বসিয়েছে কিংবদন্তী বিয়ন বোর্গের পাশে। দু'জনেই ছয়বার করে ফ্রেঞ্চ ওপেন জয় করেন। রোববার নাদাল জেতেন ৭-৫, ৭-৬, ৫-৭ ও ৬-১ গেমে। চূড়ান্ত লড়াইটিকে মহাকাব্যিক মহারণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছিল, আরো ভালোভাবে বললে 'ক্ল্যাশ অব দি টাইটানস'। স্পেনের রাফায়েল নাদালের সামনে ছিল রেকর্ড গড়ার হাতছানি, আর সুইজারল্যান্ডের রজার ফেদেরারের সামনে ছিল প্রতিশোধ নেয়ার সুযোগ। কিসের বদলা? টানা চার বছর নাদালের কাছে প্যারিসে হেরেছেন যে তিনি। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবারই পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়েন ফেদেরার। প্রথমটা ছিল সেমিফাইনাল। আর পরের তিনবারই হেরেছেন ফাইনালে। ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন হাতে মুঠোয় নেন সুইজারল্যান্ডের এই তারকা। কিন্তু সেবার নাদালকে প্রতিপক্ষ হিসেবে পাননি তিনি। চতুর্থ রাউন্ডে অঘটনের শিকার হয়ে বিদায় নেন নাদাল। সেই বছর অস্ট্রেলিয়ান ওপেনে দেখা হওয়ার প্রায় আড়াই বছর পর আবার রোববার মুখোমুখি হন দুই মহারথী। মুখোমুখি লড়াইয়ে ১৬-৮ ব্যবধানে এগিয়ে ছিলেন নাদাল। ফাইনাল শেষে তা হয়ে গেল ১৭-৮। তৃতীয় সেটে ফেদেরার ঘুরে দাঁড়ানোয় ফাইনাল গড়ায় চতুর্থ সেটে। পিছিয়ে পড়েও তৃতীয় সেট ৭-৫ এ জেতেন ফেদেরার। আগের দু'টি সেটেও হাড্ডাহাডি লড়েন তিনি। কিন্তু ক্লে কোর্টের 'সম্রাট' নাদালের সঙ্গে পেরে ওঠা সহজ নয়। প্রথম দু'টি সেট টাইব্রেকারে গড়ায়। ৭-৫, ৭-৬ এ জেতেন নাদাল। চতুর্থ সেটে ক্লান্ত ফেদেরার অসহায় আত্মসমর্পণ করেন। টিভি ক্যামেরায় ফেদেরারের সহধর্মিনীর হতাশ চেহারাই বলে দিচ্ছিল কি হতে যাচ্ছে সুইজারল্যান্ডের এই টেনিস-রাজার ভাগ্যে। ৬-১ এ শেষ গেমটা জিতে নিয়েই দু'হাতে মুখ ঢেকে মাটিতে শুয়ে পড়েন নাদাল। ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেন শুরু করার পর প্যারিসে নিজের জয়যাত্রা নিয়ে গেলেন ৪৫-১ এ। খেলা শেষের সঙ্গে সঙ্গে রোলো গ্যাঁরোতে বেজে ওঠে স্পেনের জাতীয় সঙ্গীত, ২০০৫ থেকে ২০১১; সাত বছরের মধ্যে ষষ্ঠবারের মতো। তাই মনে হয়, স্পেনে না জন্মে ফ্রান্সে জন্মালেই বরং ভালো করতেন নাদাল! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩৩৮ ঘ.