২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদেই থাকছেন হিগুইন

গঞ্জালো হিগুইন জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। আপাতত পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল একাদশে জায়গা নিশ্চিত করাই তার লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গঞ্জালো হিগুইন জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। আপাতত পরবর্তী মৌসুমে রিয়াল মাদ্রিদের মূল একাদশে জায়গা নিশ্চিত করাই তার লক্ষ্য। ইউরোপের সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল, মাদ্রিদ ছাড়ছেন আর্জেন্টিনার হিগুইন। ২৩ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড়ের পরবর্তী ঠিকানা তুরিনের ক্লাব জুভেন্টাস। দক্ষিণ আমেরিকার একটি টেলিভিশনের ফুটবল বিষয়ক অনুষ্ঠান 'ফুটবল ফর অল'-এ রিভার প্লেটের সাবেক এই খেলোয়াড় বলেন, "মাদ্রিদ নিঃসন্দেহে দুর্দান্ত দল। আমি ক্লাবটিতে ভালোই আছি।" স্পেনের দলটিতে ভালো থাকার পেছনে কার হাত আছে? শুনুন, হিগুইনের মুখেই, "আমার ইচ্ছে, কোচ হোসে মরিনহোর অধীনে খেলে যাওয়া। আমি অনেক শিরোপা জিততে চাই এবং মানুষের ভালোবাসা পেতে চাই। এই ক্লাবে থাকার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।" দলের অনেক তারকা থাকায় মূল একাদশে জায়গা পাকা নয় তার। তারপরও সামনের মৌসুমের মাদ্রিদ দলে ভিড়িয়েছে নুরি শাহিন ও হামিট আলটিনটপকে। সার্জিও অ্যাগুয়েরোকে আনার ব্যাপারেও কথা চলছে। আক্রমণভাগের খেলোয়াড় দলে টানায় জায়গা পাকা করতে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। তাতে অবশ্য মোটেও অখুশী নন হিগুইন। উল্টো জাতীয় দলের সতীর্থ ও দিয়েগো মারাদোনার জামাতা অ্যাগুয়েরোকে দলে টানার চেষ্টা করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "ও (অ্যাগুয়েরো) আমার কাছে পরামর্শ চাইলে আমি বলবো, চলে এসো। একমাত্র অন্ধই তার মতো খেলোয়াড়কে দলে নিতে চাইবে না। আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় সে এবং প্রত্যেক কোচ তাকে দলে নিতে চাইবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৮ ঘ.