ঢাকা, জুন ০৪ (বিডিনিউউজ টোয়েন্টিফোর ডটকম)- না বলে নয়, ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ জানিয়েই বিদেশ গেছেন বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়।
তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারিবারিক সমস্যার কারণে জরুরি ভিত্তিতে অল্প কয়দিনের ছুটি নিয়ে কুয়েতে গেছেন রুবচিচ। দেশের বাইরে থাকায় আমাকে তিনি টেলিফোনে জানিয়েছেন। আমিও তাতে সায় দিয়েছি। কারণ এটি তার পারিবারিক সমস্যা।"
রুবচিচের বিদেশ যাওয়া নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা জানতে টেলিফোন করা হলে বাদল এ কথা বলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) না জানিয়ে রুবচিচ বিদেশ গেছেন বলে যে খবর ছাপা হয়েছে, তা উড়িয়ে দেন বাদল।
তিনি বলেন, রুববিচ অল্প কয়দিনের মধ্যেই ঢাকায় ফিরে আসবেন।
"তার সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য হয়নি। সব কিছুই ঠিকভাবে চলছে", বলেন বাদল।
সাড়ে ৪ হাজার ডলার বেতনে ১১ মাসের চুক্তিতে গত সেপ্টেম্বরে বাংলাদেশ দলের দায়িত্ব নেন রুবচিচ। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ আগস্ট।
বিডিনিউউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24