ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়িন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো বাছাই পর্বে মারিও গোমেজের জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। 'এ' গ্র"পের অন্য খেলায় বেলজিয়াম ও তুরস্ক ১-১ গোলে ড্র করেছে।
৬ খেলার সবগুলোতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। ৭ খেলায় ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তুরস্ক আছে তিন নম্বরে। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রিয়া।
চোটের কারণে খেলতে পারেননি মিরোস্লাভ ক্লোজা ও বাস্তিন শোয়েনস্টেইগার। তাদের বদলে খেলেন গোমেজ ও টোনি ক্রস। বাছাই পর্বে ৮ গোল করেন ক্লোজা।
প্রথমার্ধের ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন গোমেজ। অস্ট্রিয়ার কেউ গোল দিতে না পারলেও দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফিরে আসে। তবে তা আর্নে ফ্রেড্রিকের আত্মঘাতী গোলে। পরে ৯০ মিনিটে আবার গোল করে দলের জয় নিশ্চিত করেন গোমেজ।
১৯৭৮ সালের বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক খেলায় জার্মানিকে কখনোই হারাতে পারেনি অস্ট্রিয়া।
শুরু থেকেই জার্মানিকে চেপে ধরে অস্ট্রিয়া। একের পর এক আক্রমণ চালালেও গোল মুখে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলছিল তারা। এরই মাঝে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় জার্মানি। ফল পেতেও বেশি দেরি হয়নি, সংঘবদ্ধ আক্রমণ চালিয়ে গোল আদায় করে নেয় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জোয়াকিম লো'র দলকে চেপে ধরে অস্ট্রিয়া। জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল অস্ট্রিয়া। কিন্তু শেষ পর্যন্ত জার্মানির কৌশলের সঙ্গে পেরে উঠেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম ১০৪৪/টিআর/১৭৪৪ ঘ.
bdnews24