ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লে কোর্টের 'সম্রাট' রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। শুক্রবার ২৫তম জন্মদিন উদ্যাপন করেন তিনি ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে চতুর্থ বাছাই অ্যান্ডি মারেকে হারিয়ে।
এর ফলে টানা সাত বছরে ষষ্ঠবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন টেনিসের শীর্ষ বাছাই নাদাল।
১৯৩৭ সালে বানি অস্টিন প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন। তার পাশে বসার সুযোগ হাতছানি দিয়ে ডাকছিল মারেকে। কিন্তু রক্ষণাত্মক কৌশলের কারণে নাদালের কাছে হার মানতে হলো মারেকে।
এই জয়ের ফলে মারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ১১-৪ ব্যবধানে এগিয়ে গেলেন স্পেনের নাদাল।
রেকর্ড বলছে, ক্লে কোর্টে কখনোই মারের কাছে হারেননি নাদাল।
সেমিফাইনালে নিজের সেরা খেলা খেলতে পারেননি নাদাল। প্রথম সেটে খুব একটা ভালো খেলতে পারেননি। সার্ভ করতেও সমস্যা হচ্ছিল। শেষে অবশ্য জয় সহজে ধরা দেয় তার কাছে।
ফাইনালে নাদালের প্রতিপক্ষ হবেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার ও দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচের মধ্যে সেমিফাইনাল জয়ী খেলোয়াড়।
এদিকে মেয়েদের এককে ফাইনালে লড়বেন চীনের না লি এবং পঞ্চম বাছাই ফ্রান্সেসকা শিয়াভোনে।
শেষ চারে না লি হারান মারিয়া শারাপোভাকে। আর শিয়াভোনে জেতেন মারিয়ঁ বারতোলির বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২১৬ ঘ.
bdnews24