ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের জাতীয় দল ও ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ চেলসির ওপর বেজায় চটেছেন আর্সেনাল ও নেদারল্যান্ডসের আক্রমণভাগের খেলোয়াড় রবিন ফন পার্সি।
দল দু'টিকে উদ্দেশ্য করে পার্সি বলেন, "দয়া করে মুখটা বন্ধ রেখে ফুটবল খেলেন।"
পার্সির অভিযোগ, বার বার তেড়ে গিয়ে রেফারিকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করার চেষ্টা করে থাকেন চেলসি ও স্পেন খেলোয়াড়রা।
সদ্য সমাপ্ত মৌসুম পার্সির জন্য ভালো কিছু বয়ে আনেনি। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডস হার মানে স্পেনের কাছে। আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে স্পেনের দল বার্সেলোনার (জাতীয় দলের আট খেলোয়াড় সমৃদ্ধ) কাছে হেরে বিদায় নেয় পার্সির বর্তমান ক্লাব আর্সেনাল। আর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ম্যান ইউ'র সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকলেও শেষ পর্যন্ত আসেনাল লিগ শেষ করে চার নম্বরে থেকে।
দীর্ঘ একটি মৌসুম পর্যবেক্ষণ শেষে পার্সির উপলব্ধি, "তারা (স্পেনের খেলোয়াড়রা) প্রতিপক্ষের খেলোয়াড়দের লাল কিংবা হলুদ কার্ড দেখানোর জন্য রেফারিকে প্ররোচিত করে থাকেন।"
আর চেলসি সম্পর্কে তার মূল্যায়ন, "রেফারিকে চেলসির খেলোয়াড়রা গালমন্দ করে থাকেন। আমি সত্যি এর কোনো অর্থ খুঁজে পাই না। তাদের বলছি, দয়া করে মুখটা বন্ধ রাখেন এবং খেলার প্রতি নজর দেন।"
খেলার বদলে গালাগালি করার প্রতি যাদের আগ্রহ বেশি, তাদের বেকারি দোকানে যাওয়ার পরামর্শ দেন পার্সি, "এত অভিযোগ থাকলে মাঠে না এসে বেকারি দোকানে যাওয়া উচিত তাদের। ওখানে সারাক্ষণই মানুষজন একে অপরকে দোষারোপ করতে থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১১৬ ঘ.
bdnews24