ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির বছরের অধিকাংশ সময় কাটে স্পেনে। মৌসুম শেষে চলে যান নিজ দেশ আর্জেন্টিনায়। এবারো গিয়ে আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। ঘটনাটি ঘটলো তখনই। রোজারিও সেন্ট্রালের এক সমর্থক ঘুষি মেরে বসলেন তাকে।
রোজারিও সেন্ট্রাল আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দল। দলটির চিরশত্র" নিউওয়েলস। অনেকটা আমাদের দেশের আবাহনী-মোহামেডানের মতো। বার্সেলোনার মেসিকে চেনে না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। কিন্তু অনেকেই জানেন না, মেসির ফুটবল জীবন শুরু হয় নিউওয়েলসে। পরে তাকে কিনে নেয় বার্সেলোনা।
আর্জেন্টিনার সরকারী বার্তা সংস্থা টেলেমে জানায়, তখন দুপুর। দুই বন্ধুর সঙ্গে ক্লাব দে লা মিলানিসা রেস্তোরায় আড্ডা দিচ্ছিলেন মেসি। একদল স্কুল ছাত্র-ছাত্রী এসে হঠাৎ আবদার ধরলো মেসির সঙ্গে ছবি তুলবে। মেসিও হাসিমুখে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে।
তখনই এক যুবক উদয় হলেন। তারপর চিৎকার করে বলে উঠলেন, "আমি সেন্ট্রালের সমর্থক। আর তুমি নিউওয়েলসের।" কথা শেষ হতে না হতেই ঘুষি মেরে বসলেন মেসির মুখে।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন অবশ্য সঙ্গে সঙ্গে সরিয়ে নেন যুবককে।
'ভদ্র-বালক' মেসি টু-শব্দ না করে স্থান ত্যাগ করেন। নিজস্ব নিরাপত্তারক্ষীকে সঙ্গে না নেয়ার ফল পেলেন তিনি ঘুষি খেয়ে।
রিয়াল মাদ্রিদ অথবা ম্যান ইউ'র সমর্থকের কাছ থেকে এমন ব্যবহার পেলে সেটাই হতো স্বাভাবিক। ঘুষিটা খেলেন কি না অখ্যাত নিউওয়েলস সমর্থকের কাছ থেকে!
মেসির আসলে শনির দশা যাচ্ছে। একই সপ্তাহে দ্বিতীবার এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন তিনি। এর আগে গত ২৮ মে ওয়েম্বলির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক সমর্থক মাঠের ভেতর তেড়ে যায় তার দিকে। নিরাপত্তা প্রহরীরা সে যাত্রায় রক্ষা করেন মেসিকে।
দেখা যাচ্ছে, লন্ডন আর আর্জেন্টিনা মেসির জন্য নিরাপদ নয়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪২
bdnews24