ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পেপে রেইনা।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের গোলরক্ষক রেইনা স্পেনের লা লিগার দল বার্সেলোনাকে তার দেখা সেরা দল হিসেবে বর্ণনা করেছেন। পুরো দলের প্রশংসা করলেও বাড়তি স্তুতি ছিল জাভি ও ইনিয়েস্তার জন্য। এই জুটিকে নিজেদের পজিশনে বিশ্ব সেরার আখ্যা দিয়েছেন তিনি।
ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে গুড়িয়ে দেয়া জয় রেইনাকে দারুণ মুগ্ধ করেছে। ওই খেলায় বার্সেলোনার পক্ষে পেড্রো, লিওনেল মেসি ও ডেভিড ভিয়া একটি করে গোল করেন। শেষ তিন মৌসুমে এটি বার্সেলোনার দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
বার্সেলোনার সাবেক খেলোয়াড় রেইনা টানা তিনবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগা শিরোপা ঘরে তোলায় বার্সেলোনার প্রশংসা করেন। "এটাই আমার দেখা সেরা দল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪০ ঘ.
bdnews24