২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পেন দলে আমরা ঐক্যবদ্ধ'

স্পেন জাতীয় দলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফুটবলারদের কোনো ঝামেলা নেই বলে মনে করছেন আন্দ্রে ইনিয়েস্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেন জাতীয় দলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ফুটবলারদের কোনো ঝামেলা নেই বলে মনে করছেন আন্দ্রে ইনিয়েস্তা। এল ক্ল্যাসিকো'র পর বার্সা ও রিয়ালের অবস্থান এখন মুখোমুখি। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় তার কোনো প্রভাব থাকবে না বলে পরিষ্কার করেছেন বার্সেলোনার আন্দ্রে ইনিয়েস্তা। বলেছেন, জাতীয় দলে তারা সব সময়ই ঐক্যবদ্ধ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অরুচিকর পরিস্থিতির পরও জাতীয় দলের আবহাওয়া ঠিক থাকবে বলে তিনি মনে করেন। ওই এল ক্ল্যাসিকোর পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শনিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রীতি ম্যাচে প্রথম খেলবে। ইনিয়েস্ত বলেন, "আমরা সেসব পিছনে ফেলে সামনের দিকে তাকাতে আগ্রহী। খেলোয়াড়রা নিজেদের সেরাটাই ঢেলে দিতে চাইবে।" তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, "জানি কিছু বাজে ব্যাপার হয়ে গেছে। সেসব আমরা মনে রাখতে চাই না। এখন আমরা জাতীয় দলে ফিরে এসেছি।" সপ্তাহ পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে এখনো উচ্ছ্বসিত ইনিয়েস্তা। ওয়েম্বলির ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। "আমি এটা দারুণভাবে উপভোগ করেছি। আর কোনো ফাইনাল এতোটা উপভোগ্য ছিল না। সবকিছু আমাদের নিয়ন্ত্রনে ছিল। এভাবে মৌসুম শেষ করা দারুণ ব্যাপার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১৭ ঘ.