ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুখের ঘরে আগুন লেগেছে। তা না হলে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইবেন কেন বারবাতভ? ফিরতে চান পুরোনো ঠিকানা টটেনহাম হটস্পারে।
সদ্য শেষ হওয়া মৌসুমে ম্যান ইউ'র হয়ে ৩২ খেলায় গোল দেন তিনি ২১টি। এতে অবশ্য ভাগ বসান কার্লোস তেভেজ। বারবাতভ এত গোল দেয়ায় ১৯ বারের মতো শিরোপা ঘরে তোলে রেড ডেভিলসরা। তাতেও মন ভরেনি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। তাকে বসিয়ে রাখেন অনেক খেলায়।
২০০৮ সালে দলবদলের শেষ দিনে সবাইকে চমকে দিয়ে ফার্গুসন টটেনহাম থেকে দলে টানেন বারবাতভকে। সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, এখন তা সবার কাছেই পরিস্কার।
বুলগেরিয়ার এই খেলোয়াড়ের প্রতিভার অভাব নেই, বয়স ৩০। নিজের যোগ্যতাও প্রমাণ করেছেন। সমস্যা হলো 'পুঁচকে' হাভিয়ের হার্নান্দেজ তার জায়গা দখল করে নিয়েছেন। তাই মূল একাদশে জায়গা হচ্ছে না। ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তো মাঠে নামাই হলো না। তাই ক্ষোভে দুঃখে দল ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
ম্যান ইউয়ের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জুনে। মেয়াদ বাড়াতে চেয়েছিল ম্যান ইউ। প্রতি মাসে বেতন দেবে ১ লাখ ২০ হাজার পাউন্ড। সে প্রস্তাবও প্রত্যাখান করেন বারবাতভ।
শোনা যাচ্ছে, ৩০ মিলিয়নেরও বেশি পাউন্ডে কেনা বারবাতভকে ১০ মিলিয়ন পাউন্ডে ছেড়ে দেবে ম্যান ইউ।
বারবাতভকে দলে ভেড়াতে টনেহামের সঙ্গে লড়াইয়ে নেমেছে বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং নিউক্যাসল ইউনাইটেড।
২০০৮ সালের মতো বারবাতভ আবারও দলবদলের নাটক জমিয়ে তোলেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩০৩ ঘ.
bdnews24