ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কংগ্রেসে সংস্থাটির প্রেসিডেন্ট পদের নির্বাচন বন্ধের প্রস্তাব ভোটে বাতিল হয়ে গেছে।
বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটার এই পদের একমাত্র প্রার্থী হওয়ায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নির্বাচন বন্ধের প্রস্তাব দিয়েছিল।
কংগ্রেসে এফএ'র প্রস্তাবের পক্ষে ১৭টি অ্যাসোসিয়েশন ভোট দেয়। অন্যদিকে এর বিরুদ্ধে ভোট দেয় ১৭২টি অ্যাসোসিয়েশন। ফলে বুধবার ব্ল্যাটারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
ফিফা জানিয়েছে ২০৬টি অ্যাসোসিয়েশন ভোট দেয়ার যোগ্যতা সম্পন্ন।
দুর্নীতির অভিযোগে টালমাটাল ফিফা অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগে সংস্থার সিনিয়র দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। এ কারণে এফএ নির্বাচন স্থগিত করার প্রস্তাব দেয়। নির্বাচন স্থগিত করতে প্রস্তবের পক্ষে ৭৫ শতাংশ ভোট প্রয়োজন ছিল।
কংগ্রেসে সাইপ্রাস ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান কোস্টাকিস কুতসোকুমনিস বলেন, "ফিফাকে এগিয়ে নেয়ার জন্য আমাদের যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তা না হলে আগামী কয়েক মাসে সব ধরণের অভিযোগ আসতেই থাকবে।"
তিনি আরো বলেন, "তৃতীয় পক্ষকে কোনোভাবেই ফিফার কার্যক্রমে আমরা মেনে নেব না। ফিফা প্রেসিডেন্টের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। ফিফার ভুলগুলো ঠিক করতে তিনি একটি কার্যকর কর্মসূচি নিয়ে এগুবেন।"
কুতসোকুমনিস মনে করেন, "ফিফার সামনে এখন অনেক কাজ। এমন সময়ে নির্বাচন বন্ধ করা হবে চূড়ান্ত বোকামি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/ ১৮০০ ঘ.
bdnews24