২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মোহামেডানের জয়

ঢাকা মোহামেডানের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজবার হ্যাট্রিকের সুবাদে দলটি ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা মোহামেডানের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজবার হ্যাট্রিকের সুবাদে দলটি ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই রহমতগঞ্জকে চেপে ধরে মোহামেডান। ১০ মিনিটে সানডে দলের পক্ষে প্রথম গোল করেন। মাঝমাঠ থেকে এনামুল হক শরীফ লম্বা করে বল দেন আমিনুর কাছে। তিনি আবার বল ঠেলে দেন সানডের পায়ে। আলতো শটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ২০ মিনিট পর খেলায় সমতা ফেরায় রহমতগঞ্জ। গোল দেন দলের আক্রমণভাগের উগান্ডার খেলোয়াড় ইদ্রিস কাসিরি। মাঝমাঠে বলটি ধরে ইদ্রিস মোহামেডানের রক্ষণভাগের তিন খেলোয়াড় ও গোলরক্ষকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে। ৫ মিনিট পর আবার এগিয়ে যায় মোহামেডান। পেনাল্টি থেকে গোল করেন সানডে। মোহামেডানের আক্রমণভাগের খেলোয়াড় আনোয়ার হোসেনকে রহমতগঞ্জের রক্ষণভাগের উগান্ডার খেলোয়াড় মাটিতে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। রহমগতঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সানডে। ৬৪ মিনিটে গোল দিয়ে হ্যাট্রিক আদায় করে নেন তিনি। লিগের প্রথম পর্বে মোহামেডান ২-০ গোলে হেরেছিল রহমতগঞ্জের কাছে। এ জয়ের ফলে ১৫ খেলায় ২১ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান উঠে এলো তালিকার পঞ্চম স্থানে। সমান খেলায় রহমতগঞ্জের পয়েন্ট ১৭। দলটি আছে সপ্তম স্থানে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৫ ঘ.