২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাগুয়েরোর মূল্য ৪৫ মিলিয়ন ইউরো

অ্যাটলেটিকো মাদ্রিদ প্রধান এনরিক সেরেজো বলেছেন, ৪৫ মিলিয়ন ইউরো'র বিনিময়ে যে কোনো দল কিনতে পারে সার্জিও অ্যাগুয়েরোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাটলেটিকো মাদ্রিদ প্রধান এনরিক সেরেজো বলেছেন, ৪৫ মিলিয়ন ইউরো'র বিনিময়ে যে কোনো দল কিনতে পারে সার্জিও অ্যাগুয়েরোকে। সার্জিও অ্যাগুয়েরো নিঃসন্দেহে আর্জেন্টিনার আক্রমণভাগের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু কিংবদন্তী দিয়েগো মারাদোনার জামাতা হিসেবেই তার পরিচিতি বেশি। অ্যাটলেটিকো থেকে অ্যাগুয়েরোর মন উঠে গেছে বেশ কিছুদিন হলো। ক্লাব প্রধানকে জানিয়েও দিয়েছেন সে কথা। কিন্তু সোনার ডিম পাড়া হাসকে এত সহজে যেতে দেবে কেন অ্যাটলেটিকো। তাই বিক্রয় মূল্য হিসেবে এত দাম হাঁকিয়েছেন ক্লাব প্রধান। স্কাই স্পোর্টস ইতালিয়াতে সেরেজো বলেন, "আমরা তাকে (অ্যাগুয়েরো) বিক্রি করতে রাজি, যদি কোনো দল ৪৫ মিলিয়ন ইউরো দিতে রাজি থাকে।" এই অর্থ অবশ্যই নগদ দিতে হবে বলে জানান তিনি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে জুভেন্টাস অ্যাগুয়েরোকে নিতে খুব আগ্রহী। সেরেজার কানেও পৌঁছেছে সে কথা। কিন্তু তুরিনের দলটি নাকি এখনো যোগাযোগ করেনি মাদ্রিদের দলটির সঙ্গে। এ প্রসঙ্গে সেরেজা বলেন, "আমিও শুনেছি সে কথা। তবে দলটির (জুভেন্টাস) পক্ষ থেকে এখনো যোগাযোগ করা হয়নি। আমি শুধু জানি, অ্যাগুয়েরো ক্লাব ছেড়ে যেতে চান। তবে কোনো প্রস্তাব যদি না আসে, তাহলে অ্যাগুয়েরো বিপদে পড়ে যাবেন। কারণ তখন তাকে বিক্রি করা যাবে না।" অ্যাগুয়েরোর সঙ্গে চুক্তি অনুযায়ী, এত দাম চাইছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫১ ঘ.