ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে সোমবার চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের আক্রমণভাগের ক্যামেরুনের খেলোয়াড় ইমানুয়েল আইয়ুখের জোড়া গোলে ৪-০ গোলের বড় জয় পায় তারা।
এ জয়ের ফলে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এই প্রথম তালিকায় সব দলের ওপরে উঠলো শেখ জামাল। শীর্ষ দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৭ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।
এর ফলে জমে উঠলো শিরোপার লড়াই। শেখ জামাল ও মুক্তিযোদ্ধা ছাড়াও এই লড়াইয়ে আছে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৮ খেলায় শেখ রাসেল ৩৮ পয়েন্ট নিয়ে আছে তালিকায় তৃতীয় স্থানে। আর ১৬ খেলায় ঢাকা আবাহনীর পয়েন্ট ৩৫। দলটি আছে চতুর্থ স্থানে আছে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেখ জামাল। তাই গোল পেতেও খুব একটা সময় লাগেনি। মাত্র ৮ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় সুজনের গোলে এগিয়ে যায় দলটি। আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনামির কর্নার মাথা দিয়ে মোহামেডানের জালে পাঠিয়ে দেন তিনি।
৪ মিনিট পর আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায় শেখ জামাল। রক্ষণভাগের খেলোয়াড় নাসিরুল ইসলাম নাসিরের কাছ থেকে বল পেয়ে প্রচণ্ড শট নেন আক্রমণভাগের ক্যামেরুনের খেলোয়াড় ফিলস চিকো। কিন্তু বল চলে যায় ক্রসবার ঘেঁষে।
৩ মিনিট পর জটলা থেকে এনামুল হকের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।
তবে খেলার ৪৪ মিনিটে ঠিকই ব্যবধান বাড়ায় ধানমন্ডির দলটি। রক্ষণভাগের খেলোয়াড় ওয়ালী ফয়সালের বাড়ানো বল অরুনামির পা ঘুরে যায় ইমানুয়েল আইয়ুখের কাছে। 'সাইড ভলি'তে গোল করেন তিনি (২-০)।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলের দেখা পায় শেখ জামাল। এবারও গোলদাতা আইয়ুখ। আর এবারও বলের যোগানদাতা ওই ফয়সাল। আক্ষরিক অর্থেই আইয়ুখের শটটি ঠেকানোর সাধ্য ছিল না চট্টগ্রাম মোহামেডানের গোলরক্ষকের।
৫৩ মিনিটে একটি সুযোগ সৃষ্টি করে চট্টগ্রাম মোহামেডান। কিন্তু গোল পায়নি। দলের আক্রমণভাগের লাইবেরিয়ার খেলোয়াড় জেরি ওদিসকো হাওয়ায় ভাসিয়ে বল দেন অধিনায়ক আরিফুল কবীর ফরহাদের কাছে। মাথা দিয়ে বল পাঠাতে চেষ্টা করেন তিনি জালে। কিন্তু বল ফিরে আসে ক্রসবারে লেগে।
৭০ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি খেলোয়াড় জাহিদ হাসান এমিলি। মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে আড়াআড়ি শটে গোল করেন তিনি।
চট্টগ্রাম মোহামেডান ১৮ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে আছে ১১তম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৭ ঘ.
bdnews24