ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ব্যাডমিন্টনে বাধ্যতামূলক 'সংক্ষিপ্ত পোশাক' আইন প্রণয়ন করেছিল আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন (বিডাব্লিউএফ)। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় সোমবার আইনটি স্থগিত করা হয়েছে।
সোমবার নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
মেয়েদের ব্যাডমিন্টনকে আরও বেশি আকর্ষণীয় করতে পহেলা মে থেকে স্কার্ট বা ওই জাতীয় পোশাক পরা বাধ্যতামূলক করেছিল বিডাব্লিউএফ। কিন্তু, বিভিন্ন দেশ ও খেলোয়াড়দের প্রতিবাদের মুখে আইনটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল।
মহিলা ব্যাডমিন্টন কমিটির প্রধান ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নোরা পেরি বলেছেন, "অ্যাথলেট কমিশনের খেলোয়াড়দের মন্ত্যবের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মেয়েদের বাজেভাবে উপস্থাপনের যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে, তাকে এড়িয়ে সংক্ষিপ্ত পোশাক বাধ্যতামূলক করার পেছনে অন্য ব্যাখ্যা দেন নোরা।
"যৌনতার বিষয়বস্তু হিসেবে মেয়েদের আমরা ব্যবহার করতে চাইনি। ব্যাডমিন্টনকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।"
ওয়েবসাইটের বিবৃতিতে আইন স্থগিতের বিষয়টি ছাড়াও পুরুষ ও মহিলা উভয় বিভাগে সমান পরিমান আর্থিক পুরষ্কার প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯৫৫ ঘ.
bdnews24