২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল-লাইন প্রযুক্তির প্রয়োজন নেই: প্লাতিনি

ফুটবলে গোল-লাইন প্রযুক্তির কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন ইউনিয়ন অব ফুটবল এসোসিয়েশনের (ইউইএফএ) সভাপতি মিশেল প্লাতিনি। তিনি বলেন, এতে ফুটবলের জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলে গোল-লাইন প্রযুক্তির কোনো প্রয়োজন নেই বলে মনে করছেন ইউনিয়ন অব ফুটবল এসোসিয়েশনের (ইউইএফএ) সভাপতি মিশেল প্লাতিনি। তিনি বলেন, এতে ফুটবলের জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে। ২০১০ সালের বিশ্বকাপের সময় গোল-লাইন প্রযুক্তি নিয়ে বেশ হইচই শুরু হয়। জার্মানির বিপক্ষে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একটি গোল দেওয়া হয়নি, যদিও বল গোল-লাইন পার হয়ে গিয়েছিল। রেফারির এই ভুল সিদ্ধান্তের পরিপেক্ষিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) গোল-লাইন প্রযুক্তি ব্যবহার করা হবে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। ইউইএফএ প্রধান ফ্রান্সের জীবন্ত কিংবদন্তী মিশেল প্লাতিনি একে ভালোভাবে নেননি। সানডে টাইমসকে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "কেন আমরা প্রযুক্তি ব্যবহার করবো? বলটি গোল লাইন অতিক্রম করেছে কি না, তা জানার জন্য?" প্রশ্নের উত্তরে প্রশ্ন করে নিজের উত্তরটাই দিয়ে দেন প্লাতিনি। এরপর সোজাসাপ্টা জানিয়ে দেন, এর পক্ষে তিনি নন। এই প্রযুক্তি চালু করা হলে খেলাটির অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহারের দাবি উঠবে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "গোল-লাইন প্রযুক্তি চালু করার পাঁচ মিনিট পরই দাবি উঠবে অফসাইড প্রযুক্তি চালু করা হোক। দশ বছর পরে নতুন রব উঠবে, পেনাল্টি অঞ্চলের জন্য প্রযুক্তি চালু করলে কেমন হয়।" "আমি ফুটবলে প্রযুক্তি ব্যবহারের পক্ষে নই," বলেন প্লাতিনি, "ফুটবল মানুষের খেলা, মানুষই তা পরিচালনা করেন। ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে অভিহিত করে তিনি বলেন, "কারণ এটি জীবন্ত।" এরপর কিছুটা সুর পাল্টে অফসাইড প্রযুক্তি চালু করার পক্ষে মত দেন তিনি। বলেন, "প্রযুক্তির যদি এত প্রয়োজন হয়, তাহলে গোল-লাইনের চেয়ে অফসাইড প্রযুক্তি চালু করাই ভালো। ফুটবল ম্যাচে ১০ মিনিট পরপর অফসাইড নিয়ে সমস্যা দেখা দেয়। আর বল গোল-লাইন পার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে ৪০ বছরে একবার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৩২ ঘ.