২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা বিশ্বকে তাদের সেরাটা দেখিয়েছে: গার্দিওলা

বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বলেছেন, যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছে তার দল। একই সঙ্গে বিশ্ব দেখেছে, বার্সার সেরা ফুটবলের প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বলেছেন, যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছে তার দল। একই সঙ্গে বিশ্ব দেখেছে, বার্সার সেরা ফুটবলের প্রদর্শনী। এবার নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন পেপ গার্দিওলা। এর আগে ২০০৯ সালে কোচ হিসেবে এবং ১৯৯২ সালে বার্সার খেলায়াড় হিসেবে শিরোপা জেতেন তিনি। শনিবার ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপের সেরা দল হওয়ার যোগ্যতা অর্জন করে গার্দিওলার দল বার্সেলোনা। সাফল্যের নেপথ্যে নিজেদের কঠোর অনুশীলনকে মুখ্য করে দেখেন তিনি। টিভিইকে বলেছেন সে কথা। "ফাইনালের জন্য নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করেছিলাম। বিশ্ব দেখেছে, জয় আমাদের প্রাপ্য ছিল। ম্যাচটা নিয়ন্ত্রন করেছি আমরাই।" নিজেদের প্রস্তুত করার জন্য ফাইনালের আগে যথেষ্ট সময় পেয়েছিল বার্সা। তুলনায় ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে স্মরণ করেন গার্দিওলা। রোমের ওই ফাইনালে বার্সার প্রতিপক্ষ ছিল ম্যান ইউ। সেবার বার্সা জিতে ২-০ গোলে। "রোমের ফাইনালের সঙ্গে তুলনা করলে বলতে হয়, ২০০৯ এর চেয়ে এ বছর অনেক বেশি সময় পেয়েছি নিজেদের প্রস্তুত করার জন্য। সুযোগটাকে কাজে লাগিয়েছি। দারুণ একটা ম্যাচ খেললাম। জয়ের ফলে দারুণ খুশী লাগছে।" আনন্দের মাঝে প্রতিপক্ষকে ধন্যবাদ জানাতে ভোলেননি তরুণ কোচ গার্দিওলা। ম্যান ইউ'র সাহসী মনোভাবের প্রশংসা করেন। "জয় সহজ ছিল না। ম্যান ইউকে ধন্যবাদ জানাচ্ছি এমন এক খেলা উপহার দেওয়ার জন্য। আমরা খুশী, কারণ চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ কথা নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৫২ ঘ.