ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যোগ্যদল হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা- এমনটাই মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক নেমানজা ভিডিচ।
ওয়েম্বলিতে শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থবারের মত ইউরোপ সেরা হয় বার্সেলোনা। এই নিয়ে তিন বছরের মধ্যে দু'বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে গেল ম্যান ইউ।
স্পেন চ্যাম্পিয়ন দলটি ফাইনালে তাদের দারুণ ফুটবলের চমৎকার প্রদর্শণ করেছে বলে মনে করে রক্ষণভাগের খেলোয়াড় ভিডিচ। একই সঙ্গে তিনি আরো বলেন, এর আগে তিনি এত ভালো দলের মুখোমুখি কখনোই হননি।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ভিডিচ বলেন, "হ্যাঁ তারাই (বার্সা) সেরা দল। আমরা যে খারাপ খেলেছি তা নয়। আসলে তাদের কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো ফুটবল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে।"
"আমি বলবো আমাদের চাইতে তাদের সুযোগ অনেক বেশি ছিলো। আজ রাতে (শনিবার) তারাই যে সেরা দল ছিলো এটা আমরা মেনে নিয়েছি" বলেন তিনি।
শিরোপা জিততে না পেরে হতাশ ভিডিচ আরো বলেন, "সত্যি বলতে কি যখন তুমি ফাইানাল খেলতে আসবে তখন চাইবে শিরোপা জিততে। তাই আমরা খুবই হতাশ। তবে এটা ঠিক যে বার্সেলোনা খুবই ভালো খেলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫০০ ঘ.
bdnews24