ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মোহাম্মদ বিন হাম্মাম।
আগামী ১ জুন এ নির্বাচন হওয়ার কথা থাকলেও এএফসি প্রেসিডেন্ট বিন হাম্মাম নাম প্রত্যাহার করে নেওয়ায় সেপ ব্লাটারের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইলো না।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান ৬২ বছর বয়সী হাম্মামকে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে রোববার ফিফার নৈতিক কমিটির মুখোমুখি হতে হয়। এর পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কাতারের এই নাগরিক।
এর ফলে ব্লাটারই ফিফার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। হাম্মামের মতো তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুইজারল্যান্ডের ব্লাটার ১৯৯৮ সালে জো হাভেলাঞ্জের কাছ থেকে দায়িত্ব নেন।
২০১৮ ও ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ নির্বাচনের নিলামের সময় দুর্নীতিতে জড়িত সন্দেহে জেরার মুখে ব্লাটার ও হাম্মামের সঙ্গে কনকাকাফ প্রধান জ্যাক ওয়ার্নারকেও পড়তে হয়েছে।
বিন হাম্মাম তার ওয়েবসাইটে বলেন, "আমি ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ ফিফাকে ছাড়াও আমি পরিবর্তন আনতে পারবো।"
সা
bdnews24