২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ পর্বে শীর্ষ চার খেলোয়াড়

ফ্রেন্স ওপেন টেনিসে মেয়েদের এককে একের পর এক অঘটন ঘটলেও ছেলেদের এককে জিতেই চলেছেন তারকারা। এরই মধ্যে চতুর্থ পর্বে উঠেছেন শীর্ষ চার খেলোয়াড় রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেন্স ওপেন টেনিসে মেয়েদের এককে একের পর এক অঘটন ঘটলেও ছেলেদের এককে জিতেই চলেছেন তারকারা। এরই মধ্যে চতুর্থ পর্বে উঠেছেন শীর্ষ চার খেলোয়াড় রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। তৃতীয় পর্বের খেলায় শনিবার বর্তমান চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিং'র শীর্ষ খেলোয়াড় স্পেনের নাদাল ৬-১, ৬-৩ ও ৬-০ গেমে হারান অ্যান্টোনিও ভিচকে। এছাড়া র‌্যাঙ্কিং'র তিন নম্বর খেলোয়াড় সুইজারল্যান্ডের ফেদেরার ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে জাঙ্কো টিপসারেভিচকে, চার নম্বর খেলোয়াড় যুক্তরাজ্যের মারে ৬-২, ৬-৩ ও ৬-২ গেমে মাইকেল বেরেরকে ও দুই নম্বর খেলোয়াড় সার্বিয়ার জকোভিচ ৬-৩, ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে হারান হুয়ান মার্টিন দেলপোত্রকে। জকোভিচের এটি টানা ৪২তম জয়। আর এই মৌসুমে টানা ৪০তম। এর আগে যুক্তরাষ্ট্রের জন ম্যাকেনরো টানা ৪২ খেলায় জেতেন। তবে তিনি জেতেন এক মৌসুমে। এদিকে মেয়েদের এককে কিম ক্লাইস্টার্স ও সামান্তা স্টোসুরের পর এবার অঘটনের শিকার হলেন র‌্যাঙ্কিং'র শীর্ষ খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। প্রতিযোগিতার তৃতীয় পর্বের খেলায় র‌্যাঙ্কিং'র ২৮ নম্বর খেলোয়াড় স্লোভাকিয়ার দানিয়েল হানতুচোভার কাছে ৬-১ ও ৬-৩ গেমে হারেন তিনি। তবে তৃতীয় পর্বের বাধা ঠিকই পেরিয়ে গেছেন ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা, ভেরা জভোনারেভা ও ফ্রান্সেসকা শিয়াভোনে। অ্যাজারেঙ্কা ৬-৩ ও ৬-২ গেমে রোব্রেটা ভিঞ্চিকে ও জভোনারেভা ৬-২ ও ৬-৩ গেমে আনেস্তাসিয়া রোডিওনোভাকে হারান। আর দ্বিতীয় সেটের খেলার সময় সু আই পেং অবসর নিলে শিয়াভোনেকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম সেট ৬-৩ এ জেতেন শিয়াভোনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৮ ঘ.