ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় পর্বে পৌঁছে গেছেন মারিয়া শারাপোভা ও রাফায়েল নাদাল। কিন্তু নেদারল্যান্ডসের আরাংজা রুসের কাছে হেরে বিদায় নিয়েছেন মেয়েদের এককের দ্বিতীয় বাছাই কিম ক্লাইস্টার্স ।
বৃহস্পতিবার প্যারিস থেকে বিদায় নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাও। দ্বিতীয় পর্বে পোলান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকার কাছে ২-৬ ও ৪-৬ সেটে হার মানেন তিনি।
ছেলেদের এককে রাফায়েল নাদাল মুখোমুখি হন পাবলো আন্দুজারের। শীর্ষ বাছাই নাদাল ৭-৫ ও ৬-৩ ব্যবধানে প্রথম দুই সেট সহজে জিতলেও তৃতীয় সেটে এক সময় ১-৫ পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত অবশ্য টাইব্রেকারে ৭-৬ (৪) এ জেতেন তিনি।
১৭ বছর বয়সী ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে ৩-৬, ৬-৪ ও ৬-০ সেটে জেতেন শারাপোভা। বোঝাই যাচ্ছে জিততে রীতিমতো ঘাম ঘাম ঝরাতে হয়েছে তাকে। প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে বিদায়ের মঞ্চ প্রায় প্রস্তুত করে ফেলেছিলেন। কিন্তু পরের সেট ৬-৪ এ জিতে খেলায় ফিরে আসেন শারাপোভা। ফলে খেলা গড়ায় তৃতীয় সেটে। এবার আর শারাপোভা দাঁড়াতেই দিলেন না গার্সিয়াকে। ৬-০ তে জিতে পৌঁছে গেলেন পরের পর্বে।
সর্বশেষ দু'টি গ্র্যান্ড স্লাম, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী দ্বিতীয় বাছাই কিম ক্লাইটার্সের বিদায় ছিল বৃহস্পতিবার ফ্রেঞ্চ ওপেনের সবচেয়ে বড় অঘটন। দু'বার ম্যাচ পয়েন্ট পেয়েও জিততে পারেননি তিনি। শেষ পর্যন্ত আরাংজার কাছে হারেন ৩-৬, ৭-৫ ও ৬-১ সেটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৩৬ ঘ.
bdnews24