ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের প্রধান পরিচালক জর্জ ভালদেনোকে চাকরিচ্যুত করা হয়েছে। বার্নেব্যু স্টেডিয়ামে বুধবার পরিচালক পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
রিয়ালের সাবেক খেলোয়াড় আর্জেন্টিনার ভালদেনো কোচ হিসেবেও ক্লাবটিতে দায়িত্ব পালন করেছেন।
স্পেনের ক্লাবটির প্রধান ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, "আমরা জর্জ ভালদেনোর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।"
এই মৌসুমের শুরুতে চোটে থাকা গঞ্জালো হিগুয়েনকে 'কাভার' করার জন্য দলে নতুন একজন আক্রমণভাগের খেলোয়াড় নিতে রিয়াল কোচ হোসে মরিনহোর অনুরোধে প্রশ্ন তুলেছিলেন ভালদেনো। তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
এমনকি তাদের মধ্যে দীর্ঘদিন কথা বন্ধ ছিলো বলেও জানান ভালদোনো।
পেরেজ বলেন, "মাত্রই শেষ হওয়া মৌসুমের অভিজ্ঞতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের আরো স্বাধীনতা প্রয়োজন। এমন কি প্রশিক্ষক বিভাগেও।"
মরিনহোই এখন খেলাধুলা বিভাগের প্রধান মন্তব্য করে পেরেজ বলেন, "ইংল্যান্ডের ক্লাবগুলোতে কোচরা যে ধরণের স্বাধীনতা ভোগ করে মরিনহো আমাদের কাছে সেটাই চেয়েছিলেন। আমার মনে হয় ক্লাবটির খাতিরে এই পরিবর্তনটির প্রয়োজন ছিলো যেটা আমরা করেছি।"
"আমরা বিশ্বের সেরা কোচকে পেয়েছি। একই সঙ্গে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে, তিনি যখন চলে যাবেন তখন আমরা অন্য একজন সেরা কোচকেই দলে টানতে পারবো। এটা তারই প্রস্তুতি।" মন্তব্য পেরেজের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২০৭ ঘ.
bdnews24