২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার কথা নাকচ করলো সতীর্থরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের 'ডোপ টেস্ট' না করানোর বিষয়টি স্বীকার করলেও নিষিদ্ধ কিছু গ্রহণের যে কথা ম্যারাডোনা বলেছেন, তা অস্বীকার করেছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরের সতীর্থরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের 'ডোপ টেস্ট' না করানোর বিষয়টি স্বীকার করলেও নিষিদ্ধ কিছু গ্রহণের যে কথা ম্যারাডোনা বলেছেন, তা অস্বীকার করেছেন আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরের সতীর্থরা। ডিয়াগো ম্যারাডোনার দাবি, ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাইপর্বের ফিরতি ম্যাচের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের অজ্ঞাত পরিচয়ের একটি নিষিদ্ধ শক্তিবর্ধক ড্রাগ দেয়া হয়েছিলো। ওই খেলাটি ছিলো গুরুত্বপূর্ণ, তা দিয়েই নির্ধারিত হয় ১৯৯৪ সালের ইউএস বিশ্বকাপ খেলতে যাওয়া। সিডনিতে প্রথম ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। বুয়েন্স এইরেসে ফিরতি ম্যাচে এক গোলে জেতে আর্জেন্টিনা। 'দ্যা ফুটবল শো'কে সোমবার ম্যারাডোনা বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আমাদের কফি খেতে দেওয়া হয়েছিলো। ওই কফিতে এমন কিছু দেওয়া ছিলো, যার কারণে ম্যাচে আমরা প্রচুর দৌড়াতে পেরেছিলাম।" আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হুলিও গ্রোন্ডনা ড্রাগের বিষয়টি জানতেন বলেই ম্যারাডোনা ধারণা করেন। কারণ অন্য সব বাছাইপর্বের ম্যাচের আগে আর্জেন্টিনার খেলোয়াড়রা 'ডোপ টেস্টের' মুখোমুখি হলেও ওই ম্যাচের আগে তাদের কোনো পরীক্ষা দিতে হয়নি। ম্যারাডোনা বলেন, "ওটা একটা প্রতারণা এবং গ্রোন্ডনা বিষয়টি সম্পর্কে সবই জানাতেন।" ওই সময়ে ম্যারাডোনার সতীর্থরাও স্বীকার করেন যে, ম্যাচের আগে কোনো ড্রাগ টেস্ট করা হয়নি। কিন্তু সচেতনভাবে কোনো নিষিদ্ধ ড্রাগ নেয়ার কথা অস্বীকার করেন তারা। দলের মাঝমাঠের সাবেক খেলোয়াড় হুগো পেরেজ মঙ্গলবার বলেন, "আমরা কয়েকদিন আগে জানতে পারি যে ওই ম্যাচের আগে কোনো 'ডোপ টেস্ট' হবে না। কিন্তু এর কোনো গুরুত্ব আমাদের কাছে ছিলো না। খেলার প্রতিই আমাদের পূর্ণ মনযোগ ছিলো।" পেরেজ আরো বলেন, "ওই সময়ে কী ঘটেছিলো, তার নির্ভুল বর্ণনা দেওয়া কঠিন। কারণ ওটা অনেক আগের ঘটনা। তবে এটা মনে আছে খেলোয়াড়রা কফি বা পানি জাতীয় কিছু পান করেছিলো।" রক্ষণভাগের সাবেক খেলোয়াড় হোসে চামোত তো এটা নিয়ে কথা বলতেই নারাজ। রক্ষণভাগের আরেক খেলোয়াড় জর্জ বোরেলি মঙ্গলবার বলেন, "আমি কোনো 'স্পিডি কফি' পান করিনি। আমি শুধু চা ও কোমল পানীয় পান করেছি।" ১৯৯৪ সালের বিশ্বকাপের প্রথম পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিষিদ্ধ ড্রাগ সেবনের কারণে ১৫ মাসের জন্য নিষিদ্ধ হন ম্যারাডোনা। সেবার শেষ ১৬ তে রুমানিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫২৩ ঘ.