ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসিকে আটকানো সম্ভব বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
২৮ মে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বাসের্লোনা ও ম্যান ইউ। ওই খেলাকে সামনে রেখে কথার লড়াই বেশ জমে উঠেছে। এবার সেই লড়াইয়ে যোগ দিলেন ফার্গুসন। অনেকের মতে, মেসির কাছেই হারবে ফার্গুসনের ম্যান ইউ। কিন্তু ফার্গুসন উড়িয়ে দিয়েছেন তা। যে কোনো ভালো খেলোয়াড়কে আটকানোর সমাধান নাকি তার কাছে আছে!
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা তিনবার বার্সার বিপক্ষে খেলেছি এবং প্রত্যেকটি ভালো খেলোয়াড়কে আটকানোর কৌশল আমাদের জানা আছে।"
ইঙ্গিতটা পরিষ্কার মেসির দিকে। তারপরও কারো বুঝতে সমস্যা হতে পারে, এই ভেবে হয়তো ফার্গুসন সরাসরি মেসির নামই বলে দিলেন, "আশা করছি ২৮ মে মেসিকে আটকানোর কৌশল আমরা পেয়ে যাবো। আপনারা হয়তো খেয়াল করেছেন, তাদের আরো ভালো খেলোয়াড় আছে; যেমনটা আমাদেরও আছে। এ কারণেই শনিবার শ্বাসরুদ্ধকর ম্যাচ হতে যাচ্ছে। আমি নিশ্চিত আমাদের নিয়ে তারাও সতর্ক।"
চ্যাম্পিয়ন্স লিগে তিনবার মুখোমুখি হয় দল দু'টি। এর মধ্যে দু'বার জয়ের দেখা পায় ম্যান ইউ। ২০০৯ এর ফাইনালে ২-০ গোলে হারলেও আগের বছর সেমিফাইনালের দুই পর্বেই জেতে দলটি। পরিসংখ্যানে তাই ম্যান ইউই এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০২২ ঘ.
bdnews24