২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা দুটি দলই ফাইনাল খেলছে: গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে বিশ্বের সেরা দলগুলোর একটি বলে বর্ণনা করেছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে বিশ্বের সেরা দলগুলোর একটি বলে বর্ণনা করেছেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। ওয়েম্বলিতে ২৮ মে শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবল শক্তিই ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে বলে মনে করেন গার্দিওলা। একই সঙ্গে ২০০৯ সালের রোমকে তিনি ওয়েম্বলিতে ফিরিয়ে আনতে চান। রোমে সেবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যান ইউকে দুই গোলে হারিয়ে শিরোপা জিতেছিলো বার্সা। এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, "২০০৯ সালের ফাইনালের দিকে যদি আমরা তাকাই তবে দেখতে পাব ওই ম্যাচের প্রথমার্ধে তারাই ভালো খেলেছিলো। এবারও দুদল সমান শক্তির। তারা চার থেকে পাঁচটি ভিন্ন কৌশলে খেলতে পারে। বিশ্বের সেরা দলগুলোর একটি তারা। ধারাবাহিক ভাবেও ভালো খেলছে। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা গর্বিত।" গার্দিওলা চান ম্যাচের প্রথম থেকেই তার দল ম্যান ইউর উপর প্রাধান্য বিস্তার করে খেলুক। বলেন, "প্রথম থেকেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে। আমরাও সেটাই চাই। তাদের হারানো অনেক কঠিন হবে। আমরা কি করবো ও কিভাবে সবচেয়ে সেরা উপায়ে তাদের আক্রমণ করা যায় সেটা নিয়েই এখন কাজ করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬০০ ঘ.