ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে নিজেদের শেষ খেলায় এভারটনের কাছে ১-০ গোলে হারার খেসারত দিলেন চেলসির কোচ কার্লো আনচেলোত্তি। বরখাস্ত করা হয়েছে তাকে।
এদিকে বোল্টন ওয়ান্ডারার্সকে রোববার ২-০ গোলে হারিয়ে লিগে তৃতীয় হয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে দলটি।
রিবক স্টেডিয়ামে খেলার ৪৩ মিনিটে জোলেয়ন লেসকট গোল করে এগিয়ে নেন এফএ কাপ বিজয়ীদের। ৬২ মিনিটে ব্যবধান বাড়ান এডিন ডিজেকো।
চেলসির ওয়েবসাইটে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, তাদের সঙ্গে আনচেলোত্তির পথচলা এখানেই শেষ।
চেলসি ভালো খেলতে না পারায় আনচেলোত্তির সমালোচনা করা হচ্ছিল মৌসুমের শুরু থেকেই। এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে দল আগেই বিদায় নেয়ায় তার ওপর চাপ বেড়ে যায়।
শক্তি বাড়ানোর জন্য জানুয়ারিতে ফার্নান্দো তোরেস ও ডেভিড লুইসকে দলে নেয় চেলসি। তারপরও শেষ রক্ষা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ে দলটি।
এদিকে লিগে নিজেদের শেষ খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৪-২ গোলে ব্ল্যাকপুলকে, টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে বার্মিংহামকে, ব্ল্যাকবার্ন রোভার্স ৩-২ গোলে উলভারহ্যাম্পটনকে সান্ডারল্যান্ড ৩-০ গোলে ওয়েস্টহ্যামকে ও অ্যাস্টন ভিলা ১-০ গোলে লিভারপুলকে হারিয়েছে। এছাড়া আর্সেনাল ২-২ গোলে ফুলহ্যামের সঙ্গে ও নিউক্যাসল উইনাইটেড ৩-৩ গোলে ড্র করেছে ওয়েস্ট ব্র"মের সঙ্গে।
৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে লিগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ম্যান সিটিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে চেলসি। লিগের প্রথম তিন দল ম্যান ইউ, চেলসি ও ম্যান সিটি সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।
চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে পয়েন্ট তালিকার চার নম্বর দল আর্সেনালকে পেরুতে হবে প্লে অফ'র বাধা। দলটির পয়েন্ট ৬৮। ৬২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরের আছে টটেনহাম। ইউরোপায় খেলার সুযোগ পাচ্ছে দলটি।
বার্মিংহাম, ব্ল্যাকপুল ও ওয়েস্ট হ্যাম নেমে গেছে প্রথম বিভাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24