২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল নিঃশ্বাস ফেলছে মুক্তিযোদ্ধার ঘাড়ে

বাংলাদেশ লিগে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোডর ডটকম) - বাংলাদেশ লিগে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। এই জয়ের ফলে ঢাকা আবাহনীকে টপকে শেখ জামাল উঠে এলো পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। ১৬ খেলায় দলটির পয়েন্ট ৩৭। সমান খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে তালিকার শীর্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের কাছে হার মানলেও সমানতালে লড়েছে ফরাশগঞ্জ। তবে গোলের জন্য খুব একটা সময় অপেক্ষা করতে হয়নি শেখ জামালকে। ৯ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় শকিল আহমেদের গোলে এগিয়ে যায় শেখ জামাল। নাসির আড়াআড়িভাবে বল ফেলেন ফরাশগঞ্জের বক্সে। বল ধরেই ডান পায়ে প্রচণ্ড শট নেন শাকিল। বল আশ্রয় নেয় জালে। গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে ওঠে ফরাশগঞ্জ। ঠিক ৯ মিনিট পর একটি সুযোগও পায় পুরনো ঢাকার দলটি। দলের আক্রমণভাগের কঙ্গোর খেলোয়াড় সিও জুনাপিও মাথা দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন কাক্সিক্ষত ঠিকানায়। শেখ জামালের গোলরক্ষক আমিনুল ইসলাম তা রুখে দেন। ২২ মিনিটে আরো একটি সুযোগ পায় ফরাশগঞ্জ। আক্রমণভাগের খেলোয়াড় সোহেল রানা তীব্র শট নেন। কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। পরের মিনিটেই আবার পাল্টা-আক্রমণ থেকে গোল খেতে বসেছিল ফরাশগঞ্জ। শেখ জামালের আক্রমণভাগের ক্যামরুনের খেলোয়াড় ইমানুয়েল আইয়ুকের শট ক্রসবারে লেগে ফিরে আসে। খেলার ৪৯ মিনিটে জুনাপিওর বাড়ানো বল ধরে চমৎকার শট নেন জুয়েল রানা। বল জড়িয়ে যায় শেখ জামালের জালে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারো এগিয়ে যায় শেখ জামাল। গোল দেন দলের মাঝমাঠের খেলোয়াড় মামুনুল ইসলাম। মাঝমাঠ থেকে বলটি ধরে ফরাশগঞ্জের বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় বল পাঠিয়ে দেন তিনি জালে। স্বাধীনতা কাপের সেমি ফাইনালে এই ফরাশগঞ্জের কাছে হেরেই বিদায় নিয়েছিল শেখ জামাল। বিডিনিউজ টোয়েন্টিফোডর ডটকম/এমএইচ/টিআর/২০২৪ ঘ.