ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগ আরেকটি অঘটন দেখলো শনিবার। শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয়সূচক গোলটি করেন শেখ রাসেলের রক্ষণভাগের ঘানার খেলোয়াড় আব্বাস ইউনুসা। লিগে উভয় দলের প্রথম মোকাবেলায় মুক্তিযোদ্ধা ৩-০ গোলে জেতে শেখ রাসেলের বিপক্ষে।
অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ার পরও শেখ রাসেল ভালো ফুটবল খেলেছে। পক্ষান্তরে মোটেও ভালো খেলতে পারেনি মুক্তিযোদ্ধা। আরো বড় ব্যবধানে হারতে পারতো দলটি। কপাল ভালো বলে বেঁচে গেছে। বিশেষ করে, শেখ রাসেলের আক্রমণভাগের রাশিয়ার খেলোয়াড় এডওয়ার্ড ভিক্টরের একটি শট তো গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
খেলার ২১ মিনিটে মোহাম্মদ ইউসুফের কর্নার মাথা দিয়ে মুক্তিযোদ্ধার জালে পাঠান আব্বাস ইউনুসা। মুক্তিযোদ্ধার রক্ষণভাগের খেলোয়াড় ডেমি ইমানুয়েল অবশ্য তাকে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন।
৬৭ মিনিটে বল নিয়ে মুক্তিযোদ্ধার বক্সে ঢুকে তীব্র শট নেন এডওয়ার্ড। কিন্তু বল চলে যায় গোলপোস্ট ঘেঁষে।
শেষ মুহূর্তে খেলায় সমতা ফেরানোর চমৎকার একটি সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধার রক্ষণভাগের আর্জেন্টিনার খেলোয়াড় লুসিয়ানো। মারুফের কর্নারে 'ব্যাক হেড' করেন জেমস মগা। বল পেয়ে যান লুসিয়ানো। একেবারে ফাঁকা গোলপোস্ট পেয়েও বারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে।
খেলায় মুক্তিযোদ্ধা হারায় জমে উঠেছে শিরোপার লড়াই। শেখ জামাল ধানমন্ডি ক্লাব রোববার ফরাশগঞ্জের বিপক্ষে জিতলেই মুক্তিযোদ্ধার ঘড়ে নিঃশ্বাস ফেলবে দলটি।
১৬ খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩৮। হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়ে গেছে দলটি। ১৫ খেলায় শেখ জামালের সংগ্রহ ৩৪। ১৬ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে আবাহনী আছে তালিকার দ্বিতীয় স্থানে। জিতলেও শেখ রাসেল আছে চার নম্বরে। ১৬ খেলায় দলটির পয়েন্ট ৩২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২১ ঘ.
bdnews24