২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে কিনছে না ম্যান সিটি

ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনার খবর উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনার খবর উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। মে মাসের ২০ তারিখে লন্ডনের একটি দৈনিক জানায়, পর্তুগালের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লোনালদোকে কেনার জন্য ম্যান সিটি ১৫০ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি। 'স্কাই স্পোর্টস'কে ম্যান সিটির এক কর্মকর্তা বলেন, "রোনালদোকে নিয়ে যা বলা হচ্ছে তা মোটেও ঠিক নয়। এ ধরনের খবর শুধু সমস্যারই সৃষ্টি করে থাকে।" রোনালদোর প্রশংসা করে কর্মকর্তা বলেন, এবার ম্যান সিটির খেলোয়াড় কেনার তালিকায় বিশ্বের দামী কোনো খেলোয়াড়ের নাম নেই। "এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু এবার ম্যান সিটি যাদের কিনতে চায়, সেই তালিকায় তিনি নেই," জানিয়ে দেন তিনি। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বাকি আছে মাত্র একটি খেলা। আর রোনালদো আছেন রেকর্ডের অপেক্ষায়। আলমেরিয়ার বিপক্ষে শনিবারের খেলায় একটি গোল করতে পারলেই স্পেনের লা লিগা'র ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একাই থাকবেন তিনি। এই মুহূর্তে রোনালদো রেকর্ডটি ভাগাভাগি করছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হুগো সানচেজ ও অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক খেলোয়াড় টেলমো জারার সঙ্গে। তিনজনই ৩৮টি করে গোল দিয়েছেন। পুরো মৌসুমে ৫১ বার প্রতিপক্ষের জাল ভেদ করা রোনালদোর সঙ্গে কোচ হোসে মরিনহার হাল্কা তর্কাতর্কি হয়েছিল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে টানা চারবার লড়াই শেষে মরিনহোর কৌশল নিয়ে খোলামেলা সমালোচনা করেন তিনি। তাই রোনালদো মাদ্রিদ ছাড়ছেন, দলবদলের বাজারে রীতিমতো গরম খবর। এরপরই খবর ছড়িয়ে পড়ে ম্যান সিটিতে যোগ দিচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪০ ঘ.