ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্কলেস'র বর্ষসেরা কোচ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন। আর খেলোয়াড় হন দলের অধিনায়ক নেমানজা ভিডিচ।
কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জেতে ফার্গুসনের দল ম্যান ইউ। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আবারো সমর্থকদের আনন্দের সাগরে ভাসালেন তিনি। একই সঙ্গে নেমানজা ভিডিচের নাম বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করায় কোচের আনন্দের মাত্রাা নিঃসন্দেহে আরো বেড়েছে।
এবার নিয়ে ফার্গুসন এই খেতাব পেলেন দশবার। আর ভিডিচ দ্বিতীয়বারের মতো হলেন বর্ষসেরা খেলোয়াড়। এর আগে ২০০৬ সালে বর্ষসেরা খেলোয়াড় হন তিনি।
বর্তমান দলের খেলোয়াড়দের তালিকায় চোখ বোলালে ম্যান ইউকে অপেক্ষাকৃত দুর্বল দল বলেই মনে হবে। এমন এক দলকে এক সুতায় গেঁথে ইপিএল জেতানোর কারণেই ফার্গুসনকে বর্ষসেরা কোচের খেতাব দেয়া হয়।
রক্ষণভাগে অসাধারণ দৃঢ়তা দেখানোয় ভিডিচকে দেয়া হয় এই খেতাব। এ মৌসুমে ম্যান ইউ হজম করেছে ৩৫ গোল। পাঁচবার গোল-লাইন থেকে বল ফিরিয়ে দিয়েছেন ভিডিচ। এর মধ্যে চেলসির বিপক্ষে দু'সপ্তাহ আগেও একবার বল ফেরান তিনি। খেলায় ২-১ গোলে জিতে ম্যান ইউ শিরোপা নিশ্চিত করে।
এবার নিয়ে ম্যান ইউ রেকর্ড ১৯ বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো। এর আগে ১৮ বার এই শিরোপা জেতে লিভারপুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০২ ঘ.
bdnews24