২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে খেলতে চান নেইমার

ইউরোপের ফুটবলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় নেইমার জুনিয়র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের ফুটবলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড় নেইমার জুনিয়র। নেইমারকে নিয়ে গত মৌসুমে বিস্তর টানাটানি করেছিল ইউরোপের বড় দলগুলো। সবচেয়ে বেশি আগ্রহ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির। কিন্তু, নেইমার তখন এক কথায় মানা করে দেন লন্ডনের দলটিকে। সান্তোসে ফুটবলের শুরু বলে তখন ব্রাজিলের দলটি ছাড়তে রাজি হননি লাল চুলের নেইমার। বৃহস্পতিবার গোল করে সান্তোসকে কোপা লিবারতাদোস কাপের সেমিফাইনালে নিয়ে যাওয়া নেইমার এবার দ্য টেলিগ্রাফ পত্রিকাকে বলেছেন ইউরোপে খেলা তার স্বপ্ন। "ইউরোপে খেলা আমার স্বপ্নের একটা অংশ। চেলসি আগ্রহ দেখিয়েছিল বলে আমি বেজায় খুশী ছিলাম। আশা করছি আমি ভালো খেলে যাব যেন এই ধরনের প্রস্তাব আরও আসে।" ১৯৯২ সালে ব্রাজিলে জন্ম নেয়া নেইমারের চোখ শুধু চেলসির ওপর সীমাবদ্ধ নেই, একই সঙ্গে ইপিএলের অপর দুটি জনপ্রিয় দল ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডের ওপরও ঘুরছে। "চেলসি ছাড়াও ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেডের কথা জানি আমি। প্রতিটা দলই যেন স্বপ্নের জায়গা। ইংল্যান্ডে খেলে এমন অনেক খেলোয়াড়কেও চিনি যেমন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দ্রগবা, জেরার্ড। ওরা অনেক ভালো খেলে।" এবার সান্তোস ছাড়ার জন্য একেবারে উঠে-পড়েই লেগেছেন ব্রাজিলের উঠতি 'সুপারস্টার' নেইমার। লন্ডনের পরিবেশ নিয়ে তার আগ্রহ সে কথাই বলে। তাই ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে জাতীয় দলের সতীর্থদের মুঠোফোনে খোঁজ নিয়েছেন । "আমি রামিরেস ও ডেভিড লুইজের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ইংল্যান্ড সুন্দর একটি দেশ এবং থাকার জন্যেও খুবই উপযোগী।" তবে ইউরোপে খেলার স্বপ্নে বিভর নেইমার জাতীয় দলের কথা কিন্তু ভুলে যাননি। আসন্ন কোপা আমেরিকা কাপে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯০২ ঘ.