ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বায়ার্ন মিউনিখের মধ্যমাঠের খেলোয়াড় হামিট আলটিনটপকে চার বছরের জন্য দলে টেনেছে স্পেনের রিয়াল মাদ্রিদ।
নিজেদের ওয়েবসাইটে বিষয়টি তারা নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, "রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় হামিট আলটিনটপের মধ্যে চার বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী চার মৌসুমের জন্য রিয়ালে যোগ দিলেন তিনি।"
আলটিনটপ ছাড়াও পরবর্তী মৌসুমের জন্য বুরুশিয়া ডর্টমুন্ডের নুরি শাহিনকেও গত সপ্তাহে দলে ভিড়িয়েছে রিয়াল শিবির।
জার্মান বংশোদ্ভূত তুরস্কের খেলোয়াড় হামিট চার মৌসুম বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে বুন্ডেসলিগায় খেলেছেন। ৯৯ ম্যাচে গোল পেয়েছেন মাত্র ১১টি।
চলতি মৌসুমও খুব একটা ভালো কাটেনি হামিটের। ২৪ খেলায় ২ গোলের পাশাপাশি মাত্র ৫টি গোল বানিয়ে দিতে সক্ষম হন তিনি। এতে রিয়ালের মত দলে তার অর্ন্তভূক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
হামিটকে টানতে একটি পয়সাও খরচ করতে হয়নি বিশ্বের সবচেয়ে ধনী দলটির। এটাই হয়তো তাকে দলে নেয়ার পেছনে মূল কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭৩৫ ঘ.
bdnews24