২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোর্তোর ঘরে ইউরোপা

ব্রাহা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ইউরোপার শিরোপা জিতে নিয়েছে পর্তুগালের দল এফসি পোর্তো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ইউরোপার শিরোপা জিতে নিয়েছে পর্তুগালের দল এফসি পোর্তো। রামাদেল ফালকাও ৪৪ মিনিটে জয়সূচক গোলটি করেন। এর আগে ২০০২-০৩ মৌসুমে কোচ হোসে মরিনহোর প্রশিক্ষণে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে পোর্তো। ডাবলিনে পর্তুগালের এই দু'দল নিঃসন্দেহে সুন্দর ফুটবল উপহার দিয়েছে। প্রতিপক্ষের শক্তি ও দুর্বল দিকগুলো জানা ছিল বলে জমে ওঠে খেলা। মাঝমাঠের দখল নেয়ার জন্য দল দু'টোর লড়াই ছিল দেখার মতো। তবে কিছুটা সময়ের জন্য এলোমেলো ফুটবলও খেলে তারা। ব্রাহার চেয়ে কিছুটা হলেও ভালো খেলেছে পোর্তো। ৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে প্রচণ্ড শট নেন হাল্ক। কিন্তু বল চলে যায় ব্রাহার ক্রসবারের বাঁ-প্রান্তের একটু ওপর দিয়ে। খেলার ৩০ মিনিটে আবারও একটি সুযোগ পায় পোর্তো। সিলভেস্টার ভারেলা মাথা দিয়ে বল পাঠিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু পারেননি। অবশেষে যোগ্য দলটাই গোল দেয় ৪৪ মিনিটে। ফ্রেডি গুইরানের হাওয়ায় ভাসানো বল গিয়ে পড়ে ফালকাওয়ের মাথায়। সুযোগ সন্ধানী ফালকাও এমন সহজ সুযোগ হেলায় হারানোর পাত্র নন। ঠিকই বল পাঠিয়ে দেন তিনি ব্রাহার জালে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সমতা ফেরানোর সুযোগ পায় ব্রাহা। পোর্তোর রক্ষণভাগের খেলোয়াড় রোনালদোর ভুলে বল চলে যায় বদলি খেলোয়াড় মার্সিও মসোরোর পায়ে। গোলরক্ষক হেলটনকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে পোর্তো। স্বাভাবিকভাবে গোল শোধে মরিয়া ব্রাহা আক্রমণ চালাতে থাকে বারবার। বদলি খেলোয়াড় মেয়ন জে ৭৭ মিনিটে চমৎকার একটা সুযোগ পান। কিন্তু তার দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। গোলের তাড়নায় সব কিছু উজাড় করে দিলেও ব্রাহার সব আক্রমণ বারবার মুখ থুবড়ে পড়ে পোর্তোর রক্ষণভাগে। এ বছর পর্তুগালের লিগ শিরোপার পাশাপাশি সুপার কাপও জিতে নিয়েছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৩৩ ঘ.