ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বুধবার আয়োজিত ফুটবল খেলায় রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করেছে মার্সিয়া একাদশের সঙ্গে।
নুয়েভা কনডোমিনা স্টেডিয়ামে খেলা দেখেন ৩২ হাজার দর্শক। তবে কত অর্থ উঠেছে তা জানা যায়নি।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লরকায় ১২ মে'র ভূমিকম্পে প্রাণ হারায় কমপক্ষে ১০ জন। ৫০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে ঘর-বাড়ি হারিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছে। ভুমিকম্পের মাত্রা ছিল ৫.১।
গোল চারটি হয়েছে দ্বিতীয়ার্ধে। বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু পেপের আত্মঘাতী গোলে খেলায় সমতা ফেরে। এরপর ৬৪ মিনিটে মার্সিয়া একাদশকে এগিয়ে নেন মেকা। খেলায় আবার সমতা ফেরান গোল করার কারিগর ক্রিশ্চিয়ানো রোনালদো। বলটি বানিয়ে দেন কাকা।
খেলায় সম্মান জানানো হয় রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের সাবেক স্তম্ভ চেন্দোকে। শেষ কয়েক মিনিটের জন্য রিয়ালের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন ৯০'র দশকের এই খেলোয়াড়। তখন অধিনায়কত্বের স্মারকও শোভা পাচ্ছিল তার হাতে।
এই সম্মান দেয়ার জন্য ৪৯ বছর বয়সী চেন্দো কোচ হোসে মরিনহোকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, " মরিনহো আমাকে বলেছিলেন যে এটা একটা বিশেষ দিন। আমরা মার্সিয়া যাবো মহৎ একটা উদ্যোগকে সামনে রেখে। "
যদিও ১০ মিনিট খেলেছেন, তারপরও তার ভালো লেগেছে বলে চেন্দো জানান।
মাঝমাঠের খেলোয়াড় জাভি আলোনসো মনে করেন অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আলো হয়ে দেখা দেবে এই ম্যাচ, " ঘোর বিপদের মধ্যে এই উদ্যোগ তাদের একটু হলেও উৎসাহিত করবে। ফুটবলের মাধ্যমে আমার সাহায্যের হাত বাড়িয়েছি। আর এই কাজটাই আমরা ভালো পারি। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪৫ ঘ.
bdnews24