২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জকোভিচ আমার চাইতেও ভালো খেলছে'

সার্বিয়ার নোভাক জকোভিচের প্রশংসায় পঞ্চমুখ বিখ্যাত টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরো। এমকি তিনি মনে করেন, জকোভিচের টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা নাকি তার ১৯৮৪ সালে টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার চেয়ে বেশি চিত্তাকর্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্বিয়ার নোভাক জকোভিচের প্রশংসায় পঞ্চমুখ বিখ্যাত টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরো। এমকি তিনি মনে করেন, জকোভিচের টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা নাকি তার ১৯৮৪ সালে টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার চেয়ে বেশি চিত্তাকর্ষক। লন্ডনে এটিপি চ্যাম্পিয়ন্স ট্যুরের আগে ৫২ বছর বয়সী আমেরিকার টেনিস তারকা ম্যাকেনরো বলেন, "গত কয়েক মাসে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় জকোভিচ যা করেছে তা এক কথায় অবিশ্বাস্য। এখন টেনিস অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। আসলে তার রেকর্ড আমারটার চাইতেও অসাধারণ।" ম্যাকেনরো আরো বলেন, "বিশেষ করে ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ায় গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা হতো বছর শেষে। আর তার (জকোভিচের) টানা জয়ের মধ্যে ওই গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ও আছে। আমি ওই বছর (১৯৮৪) আমার প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় খেলতে ফ্রান্সে এসে ছিলাম। সেখানে ফাইনালে হেরে যাওয়ায় আমার টানা জয়ের ধারায় ছেদ পড়ে। তাই তার বিষয়টা সত্যিই অসাধারণ।" এমনকি ম্যাকোনরো চান জকোভিচই তার রেকর্ডটি ভাঙ্গুক। বলেন, "আমি সত্যিই দারুণ উত্তেজিত। হয়তো এই ফ্রেন্স ওপেনেই সে আমার রেকর্ডটি ভেঙ্গে ফেলতে পারবে।" তিনি আরো বলেন, "রেকর্ড তৈরিই হয় ভাঙ্গার জন্য। এটা একটা মিশ্র অনুভূতি। আমি জানি আমার গড়া সব রেকর্ডই একসময় আমার হাত ছাড়া হয়ে যাবে। তবে আমি এটাও জানি এটাই খেলার অংশ।" জকোভিচের সক্ষমতা নিয়ে ম্যাকেনরো বলেন, "সবাই জানে সে এটা করতে সক্ষম। কারণ এই অপরাজিত থাকার ধারার মধ্যেই সে একটি গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার (২০১০ ইউএস ওপেন) শিরোপা জিতেছে। আর সেটা খুব কঠিন ছিলো। পিছিয়ে পড়েও সে জিতেছে (সেমিতে রজার ফেদেরারের বিপক্ষে)। এর পরের ইতিহাস তো সবারই জানা। আমি বলব সে আসলেই বিস্ময়কর প্রতিভা।" ম্যাকেনরোর রেকর্ড ভাঙ্গতে হলে ফ্রেন্স ওপেনের ফাইনালে পৌঁছাতে হবে জকোভিচকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৪২ ঘ.