ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তারকা খেলোয়াড় কার্লোস তেভেজ শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমগুলোকে এমনটাই বলেছেন ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি।
মানচিনি-তেভেজ গল্পের শুরু চলতি মৌসুমের শুরুর দিকে। একদিকে কোচ, আরেক দিকে ম্যান সিটি অধিনায়ক। বনিবনা যেন হচ্ছিলই না। এমনকি বিরক্ত হয়ে এক সময় তেভেজ পরিষ্কার জানিয়ে দিলেন, জানুয়ারিতেই দল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সিটিতেই রয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড়।
কিন্তু, দুজনের মধ্যে বিরোধ লেগে থাকায় মৌসুম শেষে তেভেজের সিটি ছাড়া এক রকম নিশ্চিত ছিল।
মঙ্গলবার স্টোক সিটি বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ম্যান সিটি। যেখানে তেভেজ দুটো অসাধারণ গোল করেন। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোচ মানচিনি জানিয়ে দেন, তেভেজ ম্যান সিটি ছাড়ছেন না।
মানচিনি বলেন, "আমার মনে হয় সে সামনের মৌসুমেও ম্যান সিটিতেই থাকছে। আমি দল পরিবর্তনের পক্ষপাতী নই। কারণ সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মাঠে নামবো আমরা। এই মৌসুমে ও (তেভেজ) ২১ গোল পেয়েছে। আমি সবসময়ই বলে এসেছি, তেভেজ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য।"
তেভেজের সঙ্গে তার কথপোকথন কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে ম্যান সিটি কোচ বলেন, "আমি তাকে প্রশ্ন করেছিলাম তুমি থাকবে কিনা। উত্তরে সে 'হ্যাঁ' বলেছে। এটা এফএ কাপের ফাইনালের (১৪ মে) আগের ঘটনা।"
তেভেজকে নিয়ে খোলামেলা আলোচনার এক পর্যায়ে তাদের বিরোধের বিষয়টিও টেনে এনেছেন মানচিনি। বলেন, "ডিসেম্বরে তেভেজের ব্যবহার ছিল উদ্ধতপূর্ণ। তবে সময় সবাইকেই বদলে দেয়। আমার মনে হয় সে এখন ম্যান সিটিতে ভালো বোধ করছে। শেষ ২০ দিন ওর সঙ্গে আমি অনেকবার আলোচনায় বসেছি। আমি বলছি, সমানের মৌসুমে সে আমাদের হয়েই খেলবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫৩৫ ঘ.
bdnews24