ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক ম্যারাথন জয়ী কেনিয়ার দৌড়বিদ স্যামুয়েল ওয়ানজিরু রোববার মারা গেছেন। নিজের বাড়ির দোতালার বারান্দা থেকে লাফিয়ে পড়ে তিনি মারা যান বলে পুলিশ রয়টার্সকে জানিয়েছে।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জেতেন ওয়ানজিরু। এছাড়া তিনি শিকাগো ও লন্ডন ম্যারাথনেরও সাবেক চ্যাম্পিয়ন।
পুলিশের আঞ্চলিক প্রধান জ্যাসপার ওমবাতি জানান, পড়ে যাওয়ার পর অভ্যন্তরীণ চোটের কারণে ২৪ বছর বয়সী ওয়ানজিরুর মৃত্যু হয়। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা, তা এখনই নিশ্চিত করতে পারেননি ওমবাতি।
ওমবাতি বলেন, "তিনি আত্মহত্যা করেছেন না রাগের মাথায় লাফিয়ে পড়েছেন কিংবা ঠিক কেন তিনি পড়ে গেলেন, এই মুহূর্তে আমি তা বলতে পারছি না।" মাটিতে পড়ার পর তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয় বলে তিনি জানান।
আঞ্চলিক পুলিশ প্রধান বলেন, "ওয়ানজিরুর মৃত্যুর পেছনে ত্রিভুজ প্রেমের ঘটনা থাকতে পারে। স্ত্রী ত্রিজা এনজেরি বাড়ি এসে শোয়ার ঘরে আরেক নারীকে নিয়ে তাকে শুয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি ঘরের দরজা লাগিয়ে দৌড়ে বাইরে চলে আসেন।"
এরপরই ওয়ানজিরু বারান্দা থেকে লাফিয়ে পড়েন। এনজেরি ও ওয়ানজিরুর নারী-সঙ্গী তদন্তে সহযোগিতা করছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে এক বৃতিতে কেনিয়ার প্রধানমন্ত্রী রেইলা ওডিনগা বলেন, "ওয়ানজিরুর মৃত্যুতে শুধু তার পরিবার বা বন্ধুদেরই ক্ষতি হয়নি, কেনিয়া ও পুরো অ্যাথলিট-বিশ্বেরই ক্ষতি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭৩৪ ঘ.
bdnews24