ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে সোমবার ঢাকা আবাহনীকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে রহমতগঞ্জ এমএফএস। খেলায় রহমতগঞ্জ জেতে ১-০ গোলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলায় হেরে যাওয়ায় শিরোপার দৌড়ে আরো পিছিয়ে পড়লো ঢাকা আবাহনী। ১৬ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে দলটি রয়ে গেছে তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
আর রহমতগঞ্জ উঠে এসেছে পয়েন্ট তালিকায় ৬ষ্ঠ স্থানে। ১৬ খেলায় দলটির পয়েন্ট ২০।
খেলার ২৩ মিনিটে জয়সূচক গোলটি করেন রহমতগঞ্জের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় মদো হিগুয়েজ।
আবাহনীর এ হারে ক্ষীপ্ত হয়ে ওঠে দলটির সমর্থকরা। খেলা শেষে দর্শকরা রেফারিকে ইট-পাটকেল দিয়ে ঢিল মারে। এ নিয়ে মাঠে কিছুটা উত্তেজনা দেখা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৬ ঘ.
bdnews24