ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতের ফুটবল ক্লাব আল ওজেল'র কোচ হচ্ছেন দিয়েগো মারাদোনা। এ জন্য ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছেন তিনি।
সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন মারাদোনা। দেশটিতেও ফুটবল মৌসুম শুরু হবে ওই মাসে।
২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ ছিলেন মারাদোনা। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় তার দল।
আল ওজেল'র প্রধান মারওয়ান বিন বায়াত সোমবার এক বিবৃতিতে বলেন, "আমরা কোচ হিসেবে মারাদোনাকে পেয়ে খুবই খুশি হয়েছি।"
শনিবার ক্লাবটি পরিদর্শন করেন মারাদোনা। দীর্ঘ আলোচনার পর সোমবার ক্লাবটির সঙ্গে চুক্তি হয় আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়কের।
তবে চুক্তি নিয়ে ক্লাবটির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। শুধু বলা হয়, চুক্তি দুই বছর মেয়াদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৮ ঘ.
bdnews24