২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন রোনালদো

ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার দুই গোল করে লা লিগা'র ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেললেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার দুই গোল করে লা লিগা'র ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেললেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এই মৌসুমে লিগে তিনি গোল দিয়েছেন ৩৮টি। এখনো একটি খেলা বাকি আছে রিয়াল মাদ্রিদের। ওই খেলায় গোল করতে পারলেই এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি। রিয়াল মাদ্রিদের শেষ তিন খেলায় ৯ গোল করেন রোনালদো। তার ঠিক পেছনেই রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার গোল সংখ্যা ৩১। তাই সর্বোচ্চ গোলদাতা যে রোনালদোই হচ্ছেন তা প্রায় নিশ্চিত। ১৯৫১ সালে অ্যাথলেটিক বিলবাও'র টেলমো জারা ও ১৯৯০ সালে রিয়াল মাদ্রিদের হুগো সানচেজ এক মৌসুমে সর্বোচ্চ ৩৮টি করে গোল দেন। ভিয়ারিয়ালকে রোববার ১-৩ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে বাকি গোলটি করেন মার্সেলো। ভিয়ারিয়ালের মাঠে খেলার শুরুতেই বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। তবে প্রথমে গোল দেয়ার সুযোগ পায় ভিয়ারিয়ালই। ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় পেপে ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের মধ্যে ভুল বোঝাবুঝিতে এই সুযোগ পান ভিয়ারিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় মার্ক রুবেন। তবে অফসাইড বাঁশি বাজায় কিছুই করতে পারেননি তিনি। তবে ফিরতি আক্রমণ থেকে দুই মিনিট পর ঠিকই গোল পেয়ে যায় রিয়াল। নিজেদের প্রান্ত থেকে বল ধরে দ্রুত উপরে উঠে আসেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা কাকা। ভিয়ারিয়ালের বক্সের কাছে এসে তিনি বল ঠেলে দেন মার্সেলোর দিকে। গোলরক্ষক ডিয়াগো লোচেজের মাথার ওপর দিয়ে তিনি বল জড়িয়ে দেন জালে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রোনালদো। ২৫ গজ দূর থেকে নেয়া তার অসাধারণ ফ্রি-কিকটি গোলপোস্টের বাঁ-কর্ণার ঘেঁষে আশ্রয় নেয় জালে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পেতে থাকে ভিয়ারিয়াল। ৫১ মিনিটে ব্যবধান কমান চেনি। এরপর দুই দলই গোলের জন্য আক্রমণ চালাতে থাকে। তবে গোল পাচ্ছিলনা কেউই। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে মৌসুমে নিজের ৫১তম গোলটি করেন রোনালদো। এই গোলটিও আসে ফ্রি-কিক থেকে। এবার কিকটি নিয়েছিলেন ৩০ গজ দূর থেকে। এদিকে 'লা লিগ' চ্যাম্পিয়ন বার্সেলোনা এদিন গোল শূন্য ড্র করেছে দেপোর্তিভো লা করুনার সঙ্গে। যদিও ২৮ মে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে মাথায় রেখে এদিন দলের তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন বার্সা কোচ পেপ গর্দিওলা। দিনের অন্যান্য খেলায় স্পোর্টিং গিজন ২-১ গোলে রেসিং সান্তান্দারকে, রিয়াল জারাগোজা ১-০ গোলে এসপানিওল বার্সেলোনাকে, আতলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারকিউলিসকে , সেভিয়া ৩-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে ও গেটাফে ২-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে। ভালেন্সিয়া ও লেভান্তের খেলাটি গোল শূন্য থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৫৮ ঘ.