২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো নাদালের হার, শিরোপা জকোভিচের

ইতালিয়ান ওপেনে ছেলেদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হন রাশিয়ার মারিয়া শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান ওপেনে ছেলেদের এককে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হন রাশিয়ার মারিয়া শারাপোভা। চূড়ান্ত খেলায় রোববার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় জকোভিচ ৬-৪ ও ৬-৪ গেমে হারান শীর্ষ খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদালকে। এবার নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দু'টো প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় নাদাল হার মানলেন জকোভিচের কাছে। সেই সঙ্গে টানা ৩৯ খেলায় অপরাজিত থাকলেন জকোভিচ। তার সামনে এখন রয়েছেন শুধু জন ম্যাকেনরো। ১৯৮৪ সালে টানা ৪২ খেলায় জেতেন তিনি। খেলা শেষে জকোভিচ বলেন, "টেনিস-ইতিহাসের অংশ হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি ফেদেরার, নাদাল, ম্যাকেনরো, ইভান লেন্ডলের কাতারে সামিল হতে পেরেছি, যারা টানা অনেকগুলো ম্যাচ জিতেছেন।" নিজের জয় সম্পর্কে তিনি বলেন, "আমার এই জয় কতটা গুরুত্বপূর্ণ, আমি তা জানি না। তবে একথা ঠিক, নাদাল ও ফেদেরার ছাড়া অন্য খেলোয়াড়ও যে ম্যাচ জিততে পারেন তা এখন প্রমাণিত। এতে খেলাটির প্রতি লোকজনের আকর্ষণ আরো বেড়ে গেছে।" এরই মধ্যে জকোভিচ এই মৌসুমে সাতটি শিরোপা জিতে নিয়েছেন। এছাড়া এই বছর চারটা প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় নাদালের মুখোমুখি হন তিনি। সবগুলোতেই জেতেন জকোভিচ। এর মধ্যে দু'বার আবার 'ক্লে কোর্টে'। এক বছরের মধ্যে 'ক্লে কোর্ট'র রাজা হিসেবে পরিচিত নাদালকে কোনো খেলোয়াড় দু'বার হারাতে পারেননি। এর আগে গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের চূড়ান্ত খেলায় নাদালকে প্রথমবারের মত হারান জকোভিচ। এদিকে মেয়েদের এককের ফাইনালে র‌্যাঙ্কিংয়ের সপ্তম সেরা খেলোয়াড় শারাপোভা ৬-২ ও ৬-৪ গেমে হারান সামান্তা স্টোসুরকে। এর আগে 'ক্লে কোর্টে' এই ধরনে বড় প্রতিযোগিতার শিরোপা আর কখনোই জেতেননি তিনি। তিনটি গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা ফ্রেন্স ওপেনে সাফল্য পাননি কখনো। ইতালিয়ান ওপেন জেতায় মনে করা হচ্ছে প্যারিসের ক্লে কোর্টে আটঘাট বেঁধেই নামবেন তিনি। ফ্রেন্স ওপেন শুরু হচ্ছে ২২ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৩১৫ ঘ.