২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ বছর পর শিরোপার স্বাদ ম্যান সিটি'র

৩৫ বছর পর প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতার শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। শনিবার ইয়াইয়া তোরের একমাত্র গোলে স্টোক সিটিকে হারিয়ে এফএ কাপ জেতে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 05:56 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৩৫ বছর পর প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতার শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। শনিবার ইয়াইয়া তোরের একমাত্র গোলে স্টোক সিটিকে হারিয়ে এফএ কাপ জেতে দলটি। এবার নিয়ে পাঁচবার এফএ জয় করলো তারা। এর আগে সর্বশেষ এফএ কাপ জেতে তারা ১৯৬৯ সালে। ম্যান সিটি শেষবারের মতো কোনো প্রতিযোগিতার শিরোপা জেতে ১৯৭৬ সালে। সেবার লিগ চ্যাম্পিয়ন হয় দলটি। এছাড়া মাত্র চারদিন আগে দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে। শিরোপা জয়ের পর ম্যান সিটি'র কোচ রবার্তো মানচিনি বলেন, "আরো শিরোপা জেতার জন্য আমাদের আরো ভালো খেলতে হবে।" খেলার ৭৫ মিনিটে গোলটি করেন তোরে। একমাস আগে সেমিফাইনালে এই তোরের গোলেই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় ম্যান সিটি। খেলা শেষে তোরে বলেন, "আমার মনে হয় এই দলটি দিনে দিনে আরো শক্তিশালী হবে। আশা করছি আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো দলকে আমরা পরীক্ষায় ফেলতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১১৪০ ঘ.