ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার পিছিয়ে পড়েও পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান ম্যান ইউয়ের ওয়েন রুনি।
রেকর্ড ১৯ বারের মতো শিরোপা জিতলো দলটি। শিরোপার জন্য দরকার ছিল এই ১ পয়েন্টরই।
৩৭ খেলায় ম্যান ইউ'র পয়েন্ট ৭৭। গতবারের চ্যাম্পিয়ন চেলসি দলটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে। লিগে নিজেদের বাকি দুই খেলায় জিতলেও চেলসির পক্ষে এই ১ পয়েন্টের ব্যবধান আর ঘোচানো সম্ভব নয়।
১৯৯২-৯৩ সালে লিগ কাপ'র নতুন নামকরণ করা হয় প্রিমিয়ার লিগ। এবার নিয়ে ১৯ বারের মধ্যে ১২ বারই শিরোপা জিতে নিল ম্যান ইউ।
এর আগে ১৮ বার শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল লিভারপুলের।
খেলার শুরু থেকেই কিছুটা অনুজ্জ্বল ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। তারপরও প্রথম আক্রমণ তার খেলোয়াড়রাই চালিয়েছেন। চার মিনিটে মাঝমাঠের খেলোয়াড় ন্যানির শট ব্ল্যাকবার্নের ক্রসবারে লেগে ফিরে আসে।
এরপর আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে ম্যান ইউ। ৯ মিনিটে ন্যানির আরেকটি শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
তবে ২০ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে বসেন ব্ল্যাকবার্নের ব্রেট মার্টন। ম্যান ইউ'র দ্বিতীয় গোলরক্ষক টমাস গোল লাইন থেকে বেরিয়ে এসে আগুয়ান মার্টনকে আটকাতে চেষ্টা করেন। তাদের মধ্যে সংঘর্ষের পর বল চলে যায় ব্ল্যাকবার্নের মাঝমাঠের খেলোয়াড় মার্টিন ওলসনের কাছে। তিনি আবারো বল দেন মার্টনকে। এই সময় অরক্ষিত ছিলেন মার্টন। এই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন তিনি।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যান ইউ'র খেলায় ধার ফিরে আসে। তবে স্পষ্ট হয়ে ওঠে পরিকল্পনার অভাব। এদিকে ঘর সামলে খেলতে থাকে ব্ল্যাকবার্ন। মাঝে মধ্যে অবশ্য পাল্টা-আক্রমণ করতে দেখা যাচ্ছিল।
খেলার ৬৫ মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটা সুযোগ পায় দলটি। ম্যান ইউ'র গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলপোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওলসন। কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় ফার্দিনান্দো রক্ষা করেন ম্যান ইউকে।
গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলছিল ম্যান ইউ। এক পর্যায়ে বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতে থাকেন ম্যান ইউ'র চিয়ারিতো। তাকে ফেলে দেন ব্ল্যাকবার্নের গোলরক্ষক। সহকারী রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনার পর পেনাল্টির নির্দেশ দেন রেফারি ফিল দাউদ।
পেনাল্টি শট নেন রুনি। গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১১১৫ ঘ.
bdnews24