২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার সঙ্গে শীর্ষে ঢাকা আবাহনী

বাংলাদেশ লিগে শুক্রবার ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে শুক্রবার ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম মোহামেডানকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। ৭৫ মিনিট পর্যন্ত চট্টগ্রাম মোহামেডান অনেকটা সমানতালে লড়েছে আবাহনীর সঙ্গে। শেষ ১৫ মিনিটে গোল দু'টি করে দলটি। খেলার ৭৫ মিনিটে কর্নার-কিক নেন আবাহনীর আক্রমণভাগের ইরানের খেলোয়াড় কেইভিন সাজিদি। দলের ঘানার খেলোয়াড় আইডু ইব্রাহিম ভাসানো বল মাথা দিয়ে পাঠিয়ে দেন চট্টগ্রাম মোহামেডানের জালে। খেলার শেষ মিনিটে ব্যবধান বাড়ান হেদায়েতুল্লাহ রবিন। সাজিদি আড়াআড়িভাবে ভাসিয়ে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। মাথা দিয়ে বল জাড়িয়ে দেন তিনি জালে। বলে এতটাই গতি ছিল যে চট্টগ্রাম মোহামেডানের গোলরক্ষক জেমস পল বলের লাইনে পৌঁছাতেই পারেননি। এর আগে অবশ্য দু'বার বেঁচে যায় ধানমন্ডির দলটি। খেলার ২২ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে শট নেন চট্টগ্রামের জাহাঙ্গীর আলম মিন্টু। কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। ৩৫ মিনিটে খালেদ হোসাইনের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন শাহেদুল আলম। কিন্তু বল চলে যায় পোস্ট ঘেঁষে। এ জয়ের ফলে ঢাকা আবাহনী পয়েন্ট তালিকার শীর্ষে যোগ দিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে। ১৫ খেলায় দলটির পয়েন্ট ৩৫। মুক্তিযোদ্ধা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ১৫ খেলায় চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ১১ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০২৮ ঘ.