২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেফারির প্রশংসা করেও বিপাকে ফারগুসন

আবারো মাঠে নিষিদ্ধ করা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফারগুসনকে। যদিও সমালোচনা না করে এবার রেফারির প্রশংসা করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো মাঠে নিষিদ্ধ করা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফারগুসনকে। যদিও সমালোচনা না করে এবার রেফারির প্রশংসা করেন তিনি। এরই মধ্যে হাওয়ার্ড ওয়েব সম্পর্কে অযাচিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে ফারগুসনের বিরুদ্ধে। প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে তার দলের খেলার দু'দিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই খেলা পরিচালনার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হচ্ছেন ওয়েব।" একই সঙ্গে ফারগুসন এ কথাও বলেন যে রেফারির ভুল সিদ্ধান্ত খেলার ফলাফল পাল্টে দিতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের বিধানে বলা হচ্ছে, খেলার আগে রেফারি সম্পর্কে সংশ্লিষ্ট দলের কোচ কোনো মন্তব্য করতে পারবেন না। ওল্ড ট্র্যাফোর্ডের ওই খেলায় ফারগুসনের দল ২-১ গোলে জেতে চেলসির বিপক্ষে। সেই সঙ্গে লিগ শিরোপাও প্রায় মুঠোয় ভরে ফেলে ম্যান ইউ। রেফারি মার্টিন অ্যাটকিনসনের সমালোচনা করায় মার্চে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাকে তিন ম্যাচের জন্য মাঠে নিষিদ্ধ করে। চেলসির সঙ্গে খেলা শেষ হওয়ার পরপর তিনি এই সমালোচনা করেন। স্ট্যাম্পফোর্ড ব্রিজের ওই খেলায় চেলসি জেতে ২-১ গোলে। গত বছর স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত খেলা পরিচালনা করেন ওয়েব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫০ ঘ.