২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের আগেই কলঙ্ক মুছে ফেলবো: ব্লাটার

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গায়ে দাগ লাগানো 'ভোট বিক্রি কেলেঙ্কারির' সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফিফার প্রধান সেপ ব্লাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার গায়ে দাগ লাগানো 'ভোট বিক্রি কেলেঙ্কারির' সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফিফার প্রধান সেপ ব্লাটার। জুনে ফিফার পুননির্বাচনের আগেই এই ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ব্লাটার। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সাবেক প্রধান ডেভিড ট্রিসম্যান অভিযোগ করেন ফিফার নির্বাহী কমিটির সদস্য রিকার্ডো টিজিরা, জ্যাক ওয়ার্নার, নিকোলাস লিওজ ও ওরাওই মাকুদি ইংল্যান্ডের পক্ষে ভোট প্রার্থনা করেছিলেন। যদিও ২০১৮ ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। আল জাজিরা টেলিভিশনকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, "এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এটাই সঠিক সময়। আমরা এটা খুব দ্রুতই করবো। সামনেই আমাদের প্রতিনিধি সম্মেলন। ওই সম্মেলনের আগেই বিষয়টির সমাধান করা হবে।" "আমরা বলতে পারিনা যে এটা ফিফা ভুলে গেছে বা এটা নিয়ে পরে ভাববে। বিষয়টি নিয়ে এখনই যা করার করতে হবে। সঠিকভাবে বলতে গেলে তিন সপ্তাহের মধ্যেই আমরা এটা করবো।" ট্রিসম্যানের অভিযোগের স্বপক্ষে যাবতীয় প্রমাণ পাঠানোর জন্য ফিফা বুধবার এফএকে চিঠি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫১২ ঘ.