ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ম্যাচ বাকি থাকতেই টানা তৃতীয়বারের মত 'লা লিগ' শিরোপা ঘরে তুলেছে পেপ গর্দিওলার দল বার্সেলোনা। শিরোপা নিশ্চিত হওয়ার জন্য তাদের প্রয়োজন ছিলো ১ পয়েন্ট। লেভান্তের বিপক্ষে বুধবারের খেলায় ১-১ গোলে ড্র করে সেই পয়েন্টটি পেয়ে যায় বার্সা।
এই নিয়ে ২১ বার 'লা লিগ' শিরোপা ঘরে তুললো বার্সেলোনা।
জোহান ক্রাইফের বার্সেলোন ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টানা চারবার লা লিগ শিরোপা ঘরে তুলেছিলো।
বার্সার মাঝমাঠের খেলোয়াড় জাভি ম্যাচ শেষে বলেন, "শিরোপা জয়ের অনুভূতি সবসময়ই দারুণ। আমাদের সমর্থকদের এটা প্রাপ্য ছিলো।"
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। বার্সা-রিয়াল মুখোমুখি ম্যাচের পর বার্সা শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে যায়।
বার্সার কোচ হিসেবে তিনটি মৌসুম কাটানো পেপ গর্দিওলা প্রত্যেকবারই দলকে শিরোপা এনে দিয়েছেন। অপেক্ষায় আছেন ২৮ মে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দ্বিতীয়বারের মত ক্লাবকে ওই শিরোপাও এনে দেয়ার।
"শিরোপা জয় সবসময়ই কঠিন। অন্যবারের মত এবারের শিরোপা জয়ের জন্যও আমাদের কঠোর লড়াই করতে হয়েছে। এখন আমরা উৎসব করতে পারি।" বলেন গর্দিওলা।
গর্দিওলা বলেছিলেন লেভান্তের বিপক্ষে ম্যাচে তিনি তার তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেবেন না। তিনি সেই কথা রেখেছেন। তাই প্রথম থেকেই মাঠে দেখা গেছে লিওনেল মেসি, ডেভিড ভিয়া ও জাভিকে। যদিও চোটে থাকা আন্দ্রে ইনিয়েস্তাকে মাঠে নামানোর ঝুঁকি তিনি নেননি।
খেলার শুরুতেই বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বার্সা। তবে এদিন বেশ ঢিলেঢালা ভঙ্গিতে খেলতে দেখা গেছে তাদের। আক্রমণে যাওয়ার চেয়ে নিজেদের মধ্যে বল পাস করা নিয়েই ব্যস্ত ছিলেন মেসি ও তার সঙ্গীরা।
তবে প্রথম গোলের দেখা গর্দিওলা শিষ্যরাই পান। ২৭ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে নেন মাঝমাঠের খেলোয়াড় সেডু কেইতা। জাভির মাপা পাসের বলে মাথা ছুঁইয়ে তা লেভান্তে জালে জড়িয়ে দেন কেইতা।
এক গোল হজমের পর হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে লেভান্তে। ফলও পায় হাতে হাতে। বিতরি চার মিনিট আগে ফেলিপ কেইকেডো গোল করে লেভান্তেকে সমতায় ফেরান। ১-১ সতায় বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে গোলের বেশ কিছু ভালো সুযোগ তৈরি হলেও কোনো দলই আর সফলতার মুখ দেখেনি। ফলে ১-১ সতায় খেলা শেষ হয়।
রেফারির খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের উল্লাসে ফেটে পড়েন বার্সার খেলোয়াড়, সমর্থক ও কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১৩০ ঘ.
bdnews24