২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চ্যাম্পিয়ন্স লিগই ছিল আমাদের লক্ষ্য'

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হওয়ায় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হওয়ায় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে মঙ্গলবার টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান নিশ্চিত করে ম্যান সিটি। যদিও গোলটি ছিল আত্মঘাতী। টটেনহ্যামের আক্রমণভাগের খেলোয়াড় পিটার ক্রাউচ নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। খেলা শেষে মানচিনি বলেন, "আমি খুবই খুশি। কারণ এটাই ছিল আমাদের লক্ষ্য।" দলের খেলোয়াড়দের প্রশংসা করতে গিয়ে মানচিনি বলেন, "ছেলেরা দারুণ খেলেছে। আমার মতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া আমাদের প্রাপ্য। কারণ পুরো মৌসুমে আমরা তালিকার এক থেকে চার নম্বরের মধ্যেই ছিলাম।" "যখন আমি ক্লাবে যোগ দেই তখন বলেছিলাম যে, দুই-তিন বছরের মধ্যে ম্যানচেস্টার সিটি ইউরোপের সেরা দলগুলোর একটিতে পরিণত হবে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা আমার দলের খেলোয়াড়দের আছে," বলেন তিনি। টটেনহ্যামেরও প্রশংসা করেন মানচিনি। বলেন, "সফরকারী টটেনহ্যাম দীর্ঘ সময় খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। তাই তাদের বিপক্ষে জেতা সহজ ছিল না।" নিজেদের সমর্থকদের সম্পর্কে মানচিনি বলেন, "আজ রাতে (মঙ্গলবার রাত) ম্যান সিটির সমর্থকরা খুব খুশি। খেলোয়াড়রা তাদের জন্য আনন্দের একটি রাত এনে দিয়েছেন। কারণ এই প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৪০ ঘ.