২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাট্রিকে রিয়ালের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সুবাদে মঙ্গলবার গেতাফেকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি করেন করিম বেনজেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সুবাদে মঙ্গলবার গেতাফেকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি করেন করিম বেনজেমা। এদিকে বার্সেলোনা একুশবারের মতো লা লিগার শিরোপা ঘরে তোলার মুখে দাঁড়িয়ে আছে। তবে বুধবার লেভান্তের সঙ্গে কমপক্ষে ড্র করতে হবে দলটিকে। এই মৌসুমে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন রোনালদো। এ পর্যন্ত ৩৬ গোল করেছেন তিনি। তার ঠিক পেছনেই রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার চেয়ে ৫ গোল বেশি দিয়েছেন রোনালদো। আর মাত্র দু'টো গোল করতে পারলেই রোনালদো ছুঁয়ে ফেলবেন টেলমো জারা (১৯৫০-৫১) ও হুগো সানচেজের (১৯৮৯-৯০) রেকর্ড। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে রোনালদো বলেন, "এ কথা সত্যি যে শীর্ষ গোলদাতা হওয়ার লড়াইয়ে আছি আমি। তবে বিষয়টি নিয়ে আমি খুব একটা চিন্তাভাবনা করছি না।" "দল ভালো খেলছে, এটাই বড় কথা। মৌসুমে নিজেদের শেষ খেলায় জেতা এখন আমাদের মূল লক্ষ্য। কোচ আমাদের কাছে যা চাইছেন আমরা কেবল তাই করছি," বলেন তিনি। নিজেদের মাঠে শুরু থেকেই সুন্দর ফুটবল খেলেন রিয়ালের খেলোয়াড়রা। বলও ঘুরছিল তাদের পায়ে পায়ে। খেলার ২৪ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় মেসুত ওজিলের আড়াআড়ি শট মাথা দিয়ে জালে পাঠিয়ে দেন রোনালদো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলে দলটি। ৫৮ মিনিটে গঞ্জালো হিগুয়েনকে ঠেকাতে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গেতাফে গোলরক্ষক ওসকার উসতারি। হিগুয়েন বল ঠেলে দেন ওজিলের কাছে। ওজিল নিজে গোল করার চেষ্টা না করে বল দেন তার চেয়ে অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গায় দাঁড়ানো রোনালদোকে। সেখানে থেকে বল জালে জড়াতে কোনো অসুবিধা হয়নি তার। রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন বেনজেমা। জাভি আলন্সো লম্বা-শটে বল দেন বেনজেমাকে। উসতারিকে কাটিয়ে জায়গা মতো বল পাঠিয়ে দেন তিনি। এটি ছিল মৌসুমে তার ১৩তম গোল। দলের পক্ষে চতুর্থ গোলটি করেন রোনালদো, পেনাল্টি থেকে। বক্সের মধ্যে রোনালদোকে অবৈধভাবে বাধা দেন হোসে ওর্টিজ। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রিয়ালের নিয়মিত অধিনায়ক গোলরক্ষক ইকার ক্যাসিয়াস না খেলায় দলের নেতৃত্ব দেন মার্সেলো ভিয়েরা। দিনের অন্যান্য খেলায় দেপোর্তিভো লা করুনা ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে, মালাগা ২-০ গোলে স্পোর্টিং গিজনকে ও রেসিং সান্তান্দার ২-১ গোলে আতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১৩ ঘ.